কাগজের দিন শেষ! আসছে ১০ ও ২০ টাকার প্লাস্টিক নোট, কবে থেকে পকেটে ঢুকবে নতুন নোট?

কাগজের ১০ ও ২০ টাকার নোটের দিন ফুরিয়ে আসছে। এবার দেশে প্লাস্টিক বা পলিমার নোট চালু করতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২৭ সালের ১ এপ্রিল থেকে পরীক্ষামূলকভাবে এই নোটগুলির ব্যবহার শুরু হতে পারে। দেশের বিভিন্ন স্থানে এই পরীক্ষা সফল হওয়ার পরেই সেগুলি নিয়মিতভাবে বাজারে আনা হবে। নতুন এই নোটগুলির আকার বর্তমান কাগজের নোটের মতোই রাখার পরিকল্পনা করা হয়েছে, যাতে এটিএম মেশিনগুলিতে কোনো পরিবর্তন করার প্রয়োজন না পড়ে এবং বাড়তি খরচ এড়ানো সম্ভব হয়।
সাধারণ কাগজের নোট খুব দ্রুত ছিঁড়ে বা নষ্ট হয়ে যায়, যা লেনদেনের ক্ষেত্রে প্রায়ই সমস্যা তৈরি করে। এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবেই প্লাস্টিক নোটের ভাবনা। আরবিআই সূত্রে জানা গিয়েছে, কাগজের নোটের তুলনায় এই প্লাস্টিক নোটগুলি অন্তত দুই থেকে চার গুণ বেশি টেকসই হবে। এর আগে অস্ট্রেলিয়া, ব্রিটেন, কানাডা, নিউজিল্যান্ড ও সিঙ্গাপুরের মতো দেশেও এই ধরনের নোট সফলভাবে চালু করা হয়েছে।