অর্থের অভাবে থমকে রক্সি হলের সংস্কার, ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহের ভবিষ্যৎ কি তবে অন্ধকার!

অর্থের অভাবে থমকে রক্সি হলের সংস্কার, ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহের ভবিষ্যৎ কি তবে অন্ধকার!

 

বকেয়া বিল ও প্রশাসনিক জটিলতায় দেড় মাস ধরে বন্ধ রক্সি প্রেক্ষাগৃহের সংস্কার কাজ

নিজস্ব প্রতিবেদক: বকেয়া বিল মেটানো এবং নতুন কাজের অনুমোদনে প্রশাসনিক জটিলতার কারণে দীর্ঘ দেড় মাস ধরে থমকে রয়েছে ঐতিহ্যবাহী রক্সি প্রেক্ষাগৃহের সংস্কার কাজ। পুরসভা ও আবাসন নির্মাণকারী সংস্থা ‘ক্রেডাই’ (CREDAI)-এর যৌথ উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্প বর্তমানে অনিশ্চয়তার মুখে পড়েছে।

রক্সি প্রেক্ষাগৃহকে আধুনিক অডিটোরিয়ামে রূপান্তরের লক্ষ্যে প্রাথমিকভাবে ১০ থেকে ১১ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়। এর মধ্যে পাঁচ কোটি টাকা খরচের প্রতিশ্রুতি দেয় ক্রেডাই, বাকি অর্থ বরাদ্দের দায়িত্ব নেয় পুরসভা। সূত্রের খবর, প্রকল্পের দায়িত্বে থাকা পুরসভার ইঞ্জিনিয়ারিং বিভাগকে চার কোটি টাকা বরাদ্দ করা হলেও, তিন কোটি টাকা খরচের পর বাকি কাজের ফাইল আটকে রয়েছে। একই পরিস্থিতি পুরসভার আলোক বিভাগের ক্ষেত্রেও; তিন থেকে সাড়ে তিন কোটি টাকার কাজের বিল বকেয়া থাকায় তারা কাজ এগিয়ে নিয়ে যেতে পারছে না।

প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের অভিযোগ, প্রয়োজনীয় পরিকাঠামোগত উন্নয়নের কাজ অনেকাংশেই শেষ হয়েছে। তবে বর্তমান পুর কর্তৃপক্ষ বকেয়া টাকা ছাড় না করা এবং নতুন কাজের অনুমোদন না দেওয়ায় ঠিকাদাররা কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। সংস্কার কাজে অর্থ বিনিয়োগ করেও ক্রেডাই এখন স্থবির হয়ে থাকা প্রকল্পের কারণে বিপাকে পড়েছে।

বিষয়টি নিয়ে পুরসভার শীর্ষ মহলে একাধিকবার জানানো হলেও সুরাহা হয়নি। এমনকি কয়েক সপ্তাহ আগে পুরসভার প্রশাসক স্মিতা পান্ডে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখলেও এখনও পর্যন্ত আর্থিক বাধা কাটেনি। এই অচলাবস্থা নিরসনে আজ, বুধবার রক্সি সংস্কারের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের দিকেই তাকিয়ে সংশ্লিষ্ট সব পক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *