দিল্লির আকাশে বিষাক্ত ধোঁয়া, দূষণের নেপথ্যে কি তবে পাকিস্তান, নাসার রিপোর্টে চাঞ্চল্য

দীপাবলির আগেই গ্যাসচেম্বারে পরিণত হয়েছে রাজধানী দিল্লি। মাত্র চারদিনের ব্যবধানে বাতাসের গুণমান সূচক বা একিউআই ১২৪ থেকে সরাসরি চারশো পার করেছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট ডেটা অনুযায়ী, দিল্লির এই ভয়াবহ বায়ু দূষণের নেপথ্যে অন্যতম বড় ভূমিকা রয়েছে প্রতিবেশী দেশ পাকিস্তানের। সীমান্তবর্তী পাঞ্জাব অঞ্চলে ব্যাপক হারে খড় পোড়ানোর ফলে সেই ধোঁয়া উত্তর-পশ্চিম হাওয়ার মাধ্যমে হরিয়ানা হয়ে সরাসরি দিল্লির বায়ুমণ্ডলকে দূষিত করছে।
তথ্য বলছে, নির্দিষ্ট ওই সময়সীমায় ভারতের তুলনায় প্রায় চার গুণ বেশি খড় পোড়ানোর ঘটনা ঘটেছে পাকিস্তানের পাঞ্জাবে। যার জেরে লাহোর সহ পার্শ্ববর্তী অঞ্চলে বায়ুর মান বিপজ্জনক স্তরে পৌঁছেছে। তবে শুধু পাকিস্তান একা নয়, স্থানীয় যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলো এবং দেশীয় স্তরে খড় পোড়ানোর মতো অভ্যন্তরীণ কারণগুলোও এই পরিস্থিতির জন্য সমানভাবে দায়ী। এমতাবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় রাজধানী অঞ্চল বা এনসিআর জুড়ে গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান বা জিআরএপির দ্বিতীয় পর্যায় ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে।