মুখ্যমন্ত্রীকে ঘিয়ে ভাজা পিঠে খাওয়াবেন কুড়মিরা, বাঁদনা পরবের আমন্ত্রণে জঙ্গলমহলে বাড়ছে রাজনৈতিক উত্তাপ

আসন্ন বাঁদনা পরবের অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিজেদেরহাতে তৈরি ঘিয়ে ভাজা পিঠে আপ্যায়ন করার বিশেষ প্রস্তুতি শুরু করেছে আদিবাসী কুড়মি সমাজ। চলতি মাসের ১২ তারিখ দক্ষিণ বাঁকুড়ার রায়পুরে বিরসা মুন্ডা মেমোরিয়াল কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঐতিহ্যবাহী এই উৎসবে কুড়মি সমাজের নিজস্ব রীতিনীতি ও সংস্কৃতির পূর্ণাঙ্গ রূপ মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরা হবে এবং তাঁকে নিজেদের ‘কুটুম’ হিসেবে বরণ করা হবে। সম্প্রতি অম্বিকানগরে কেশরা হাইস্কুলে একটি প্রস্তুতি সভার মাধ্যমে এই উৎসবের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।
অন্যদিকে, এই উৎসবের মঞ্চকেই নিজেদের দীর্ঘদিনের দাবি আদায়ের মোক্ষম মাধ্যম হিসেবে ব্যবহার করতে চলেছে সংগঠন। জঙ্গলমহলে কুড়মিদের আদিবাসী তালিকাভুক্তির দাবি এবং সম্প্রতি বিভিন্ন সমাবেশে চলা রাজনৈতিক বা উসকানিমূলক মন্তব্যের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য কমিটি। সংগঠনের মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো স্পষ্ট জানিয়েছেন যে, বিরোধীদের ষড়যন্ত্রের বিষয়টি তাঁরা সরাসরি মুখ্যমন্ত্রীর নজরে আনবেন। উৎসবের জাঁকজমকের পাশাপাশি উত্তরবঙ্গ ও পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডেও সংগঠনের পরিধি বাড়ানোর কাজ জোরকদমে চলছে।