খুচরো টাকা চাওয়ার অপরাধ! চলন্ত বাস থেকে ঠেলে ফেলে প্রাণ কেড়ে নিল যাত্রী?

চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে কন্ডাক্টরকে ফেলে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু তরুণীর
নিজস্ব প্রতিবেদক, হায়দরাবাদ: তেলেঙ্গানার ভদ্রাদ্রি কোথাগুডেম জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় ২৪ বছর বয়সী বাস কন্ডাক্টর প্রবাল্লিকার মৃত্যু হয়েছে। গত ২৫ অক্টোবর বাসের টিকিট ভাড়া নিয়ে বিতর্কের জেরে এক যাত্রী তাঁকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে তিনি গুরুতর আহত হন। দীর্ঘ লড়াইয়ের পর মঙ্গলবার রাতে হায়দরাবাদের একটি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন অশ্বপুরম মণ্ডলে এক মহিলা যাত্রী তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে বাসে ওঠেন। বাসের ভাড়া নিয়ে কন্ডাক্টর প্রবাল্লিকার সঙ্গে ওই মহিলার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ওই যাত্রী ১০০ টাকার নোট দিয়ে তাৎক্ষণিকভাবে খুচরো টাকা ফেরত দাবি করেন। কন্ডাক্টর তাঁকে গন্তব্যে পৌঁছানোর পর টাকা দেওয়ার অনুরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বাগবিতণ্ডার এক পর্যায়ে ওই মহিলা চলন্ত বাসের দরজা থেকে প্রবাল্লিকাকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেন। বাস থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলে চলন্ত বাসের পেছনের চাকা তাঁর পায়ের ওপর দিয়ে চলে যায়।
গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরবর্তীতে হায়দরাবাদে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ চিকিৎসা চললেও শেষ রক্ষা হয়নি। এদিকে, ঘটনার পরপরই অভিযুক্ত মহিলা যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে কঠোর ধারায় মামলা রুজু করে তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
এই মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি এবং পরিবহন মন্ত্রী পোনাম প্রভাকর। শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। পরিবহন মন্ত্রী জানান, প্রবাল্লিকার পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ, তাঁর মায়ের জন্য সরকারি চাকরি এবং ‘ইন্দিরাম্মা’ আবাসন প্রকল্পের আওতায় একটি বাড়ি প্রদান করা হবে। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিয়েছে প্রশাসন।