ট্রেনে ব্যাগভর্তি টাকার পাহাড়! খড়্গপুরে হাতেনাতে ধরা পড়ল যুবক!

ট্রেনে ব্যাগভর্তি টাকার পাহাড়! খড়্গপুরে হাতেনাতে ধরা পড়ল যুবক!

 

খড়্গপুর স্টেশনে উদ্ধার প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা, ধৃত এক

নিজস্ব প্রতিবেদন, খড়্গপুর: খড়্গপুর স্টেশনে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল সরকারি রেল পুলিশ (জিআরপি)। বুধবার সকালে টাটানগর থেকে হাওড়াগামী জনশতাব্দী এক্সপ্রেস থেকে নামার পর ওই যাত্রীর কাছ থেকে প্রায় ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় রাহুল সোনি নামে এক যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

জিআরপি সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ট্রেনটি খড়্গপুর স্টেশনে পৌঁছালে সাত নম্বর প্ল্যাটফর্মে ওই যাত্রীর গতিবিধি দেখে কর্তব্যরত পুলিশকর্মীদের সন্দেহ হয়। রাহুল সোনি নামে ওই যাত্রী পিঠে একটি এবং হাতে দুটি ব্যাগ নিয়ে দ্রুত স্থানত্যাগের চেষ্টা করছিলেন। পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে তিনি অসংলগ্ন উত্তর দিতে শুরু করেন। এরপর ব্যাগে তল্লাশি চালিয়ে ২৮০টি ৫০০ টাকার নোটের বান্ডিল উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ধৃত যুবক জানিয়েছেন, তাঁর বাড়ি হাওড়ায় এবং তিনি টাটানগর থেকে এই টাকা নিয়ে হাওড়া ফিরছিলেন। তবে এই বিপুল পরিমাণ নগদের উৎস বা কী উদ্দেশ্যে তিনি এই টাকা বহন করছিলেন, সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। খড়্গপুর জিআরপির এসআরপি জয়ন্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, ঘটনার বিষয়টি আয়কর দফতরকে জানানো হয়েছে। টাকার উৎস ও এর সঙ্গে কোনো চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, রাজ্যে গত কয়েক দিনে নগদ টাকা উদ্ধারের ঘটনা বেড়েছে। খড়্গপুর স্টেশনের এই ঘটনার কিছু সময় আগেই দক্ষিণ ২৪ পরগনার সরিষাতেও পুলিশ তল্লাশি চালিয়ে এক কোটিরও বেশি টাকা উদ্ধার করেছে। সূত্রবিহীন এই বিপুল পরিমাণ নগদ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *