মল্লিকার্জুন খাড়গেকে সুরে সুরেই মোক্ষম জবাব! হারমোনিয়াম বাজিয়ে চরম কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিতর্কিত মন্তব্যের জবাবে এবার এক অভিনব পন্থায় তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘওয়াল। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লক্ষ্য করে খাড়গের করা ‘আপত্তিকর’ মন্তব্যের প্রেক্ষিতে নিজের এক্স হ্যান্ডেলে একটি ব্যতিক্রমী ভিডিও প্রকাশ করেন মন্ত্রী। সেখানে সশরীরে হারমোনিয়াম বাজিয়ে ভজনের সুরে গান গাইতে দেখা যায় তাঁকে। গানের কলিতে তিনি স্পষ্ট বার্তা দেন— “মোদি কহি নহি জায়েগা”, বরং যাঁরা নিজেদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন, বিদায় নেবে তারাই। ভিডিওটিতে গানের সঙ্গে মোদি সরকারের বিভিন্ন সাফল্যের দৃশ্য ও প্রধানমন্ত্রীর নানা মুহূর্ত তুলে ধরা হয়েছে।
সম্প্রতি গুজরাটের বনসকাঁথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রোড শো চলাকালীন দেখা গিয়েছিল ‘মোদি কোথাও যাবেন না’ লেখা অসংখ্য প্ল্যাকার্ড। গুজরাটের উপমুখ্যমন্ত্রী হরিশ সাংভি জানান, কংগ্রেস সভাপতির কটাক্ষের পাল্টা হিসেবেই অনুগামীদের হাতে এই ধরনের বার্তা তুলে দেওয়ার সূচনা করা হয়েছিল। মোদি নিজেও জনসভায় দাঁড়িয়ে ঘোষণা করেছেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দেশের মানুষের সেবায় নিয়োজিত থাকবেন। বিরোধী রাজনৈতিক আক্রমণ ও পালটা প্রচারের এই অভিনব সুর-সংগ্রাম ঘিরে বর্তমানে সমাজমাধ্যমে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে।