নভেম্বরের শুরুতেই পকেটে বড় কোপ, এলপিজি সিলিন্ডারের চড়া দামে চিন্তায় আমজনতা!

নভেম্বরের শুরুতেই আবার মহার্ঘ হলো বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বিশ্ববাজারে গ্যাসের জোগান ব্যাহত হওয়ায় এবার ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম প্রায় ১৭ টাকা বাড়ল। সেপ্টেম্বর ও অক্টোবরে যথাক্রমে ৯.৫০ টাকা ও ৬২.৫০ টাকা বৃদ্ধির পর, টানা এই দরবৃদ্ধিতে তীব্র সমস্যায় পড়েছেন হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা। উৎসবের মরশুমে পরপর দাম বাড়ায় এবার রেস্তোরাঁর খাবারের বিলও বেশ খানিকটা আকাশছোঁয়া হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর সঙ্গেই আন্তর্জাতিক বাজারের প্রভাবে বিমান জ্বালানি বা এটিএফ-এর দাম লিটার প্রতি ১.৩৭ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৩৮.৫০ টাকা।
বর্তমানে দেশের চার মেট্রো শহরে বাণিজ্যিক ও গৃহস্থালি গ্যাসের দামে বড়সড় তারতম্য দেখা যাচ্ছে। ৪ নভেম্বর বুধবার পাওয়া তথ্য অনুযায়ী, কলকাতায় গৃহস্থালি রান্নার গ্যাসের দাম ৯৬৮ টাকা এবং বাণিজ্যিক সিলিন্ডারের দর ২,৯৭১ টাকা। অন্যদিকে, দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডার ২,৮২০ টাকা ও মুম্বইয়ে ২,৭৭৫ টাকায় মিলছে। চার মহানগরের মধ্যে চেন্নাইতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম সবথেকে বেশি, যা পৌঁছাল ২,৯৯৪ টাকা ৫০ পয়সায়। তবে সাধারণ মানুষের কিছুটা স্বস্তি রেখে গৃহস্থালির ১৪.২ কেজির রান্নার গ্যাসের দামে কোনো রদবদল করা হয়নি।