অগ্নিবীরদের চাকরির মেয়াদ বাড়ল ২ বছর, কেন্দ্র সরকারের বড় ঘোষণায় স্বস্তি!

অগ্নিপথ প্রকল্পে বড় পরিবর্তন: মেয়াদ বাড়ল অগ্নিবীরদের, স্বস্তিতে হাজার হাজার তরুণ
নিজস্ব প্রতিবেদন: অগ্নিপথ প্রকল্পে বড়সড় সংশোধনী আনল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন মন্ত্রিসভার সবুজ সংকেতের পর, এখন থেকে অগ্নিবীরদের চাকরির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে প্রায় ১৮ হাজার তরুণ নতুন করে চাকরির সুযোগ পাচ্ছেন।
এতদিনকার নিয়ম অনুযায়ী, অগ্নিপথ প্রকল্পের আওতায় তরুণদের চার বছরের জন্য সশস্ত্র বাহিনীতে নিয়োগ করা হতো। চুক্তির মেয়াদ শেষে মাত্র ২৫ শতাংশ অগ্নিবীরকে নিয়মিত চাকরিতে বহাল রাখা হতো এবং বাকি ৭৫ শতাংশকে বিদায় নিতে হতো। তবে নতুন ঘোষণা অনুযায়ী, চার বছরের মেয়াদ পূর্ণ করা অগ্নিবীররা এখন থেকে আরও দুই বছর অতিরিক্ত কাজ করার সুযোগ পাবেন। এই অতিরিক্ত দুই বছর পর, নির্দিষ্ট বাছাই প্রক্রিয়ার মানদণ্ড পূরণ সাপেক্ষে তাঁরা ভারতীয় সশস্ত্র বাহিনীতে স্থায়ীভাবে যোগ দেওয়ার জন্য আবেদন করতে পারবেন।
সিডিএস জেনারেল এনএস রাজা সুব্রমণি এই পরিবর্তনের কথা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এর ফলে চাকরির মেয়াদ শেষ হওয়ার মুখে থাকা প্রায় ১৮ হাজার অগ্নিবীরের ভবিষ্যৎ সুরক্ষিত হলো।
কেন্দ্রের এই সিদ্ধান্তকে ‘সেকেন্ড ট্যুর অফ ডিউটি’ বা দ্বিতীয় পর্যায়ের কার্যকাল হিসেবে অভিহিত করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “এই সিদ্ধান্ত প্রতিরক্ষা বাহিনীর দীর্ঘমেয়াদী কাঠামোগত সংস্কারের ধারাবাহিকতা। এর লক্ষ্য হল তরুণ, অধিকতর সক্ষম এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তোলা।” এটি কেবল নিয়োগ নীতি নয়, বরং যুদ্ধের পরিবর্তনশীল প্রকৃতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার একটি দূরদর্শী পদক্ষেপ বলেও তিনি উল্লেখ করেন।
২০২২ সালে চালু হওয়া অগ্নিপথ প্রকল্পে এই নয়া সংশোধনীর ফলে দেশের তরুণ সমাজ ও হবু জওয়ানদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।