২ কোটির ঘুষ কাণ্ড! সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তদন্তের নির্দেশে তোলপাড়!

কেরালার তৎকালীন পূর্ত সচিবের বিরুদ্ধে দুর্নীতির তদন্তের নির্দেশ স্বরাষ্ট্র দপ্তরের
তিരുവനന്തപുരം: কেরালা স্টেট ট্রান্সপোর্ট প্রজেক্টে দুর্নীতির অভিযোগে রাজ্যের তৎকালীন পূর্ত সচিব ও বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন কেরালা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা। রাজ্যের ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন বিউরোকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আনুষ্ঠানিক অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র দপ্তর।
ঘটনার সূত্রপাত কোল্লাম জেলার এক প্রাক্তন ঠিকাদারের দায়ের করা অভিযোগ থেকে। অভিযোগে দাবি করা হয়েছে, সড়ক নির্মাণের কাজ সফলভাবে শেষ হওয়ার পরও তৎকালীন পূর্ত সচিব জ্ঞানেশ কুমার ব্যক্তিগত স্বার্থে ২ কোটি টাকা ঘুষ চেয়েছিলেন। দপ্তরের ইঞ্জিনিয়ারদের অনুমোদনের পরেও বিল বাবদ বরাদ্দ ১৭ কোটি টাকার সরকারি চেক ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়। এই আর্থিক বঞ্চনার জেরে সংশ্লিষ্ট প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত মালয়েশীয় নির্মাণ সংস্থাটি চরম সংকটে পড়ে।
অভিযোগকারীর দাবি, অর্থ সংকটের কারণে ২০০৬ সালে ওই সংস্থার শীর্ষ ইঞ্জিনিয়ার লি সি বিন আত্মহত্যা করেন। মৃতের সুইসাইড নোটে তৎকালীন পূর্ত সচিব জ্ঞানেশ কুমারের নাম এবং তাঁর বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ স্পষ্টভাবে উল্লেখ ছিল। অভিযোগে আরও বলা হয়েছে, অতীতে এই ঘটনার প্রাথমিক তদন্তে যারা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়ায় ছিলেন, তারা প্রকৃত ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। ফলে তদন্তের অভিমুখ ঘুরিয়ে দেওয়া হয়েছিল। এই প্রেক্ষাপটে নিরপেক্ষ বিচারের স্বার্থে মৃত ইঞ্জিনিয়ারের পরিবার এবং সংশ্লিষ্ট সংস্থার প্রাক্তন কর্মীদের জিজ্ঞাসাবাদের আর্জি জানানো হয়েছে।
দেশজুড়ে যখন বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলো সরব, ঠিক সেই সময়ে কংগ্রেস শাসিত কেরালা সরকারের এই আইনি পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সরকারের পক্ষ থেকে ভিজিল্যান্স দপ্তরকে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়ার পর প্রশাসনিক স্তরে চাঞ্চল্য ছড়িয়েছে।