দলের কার্যালয়ে মিলল কোটি টাকা নগদ! সুমিতকে জেরা করে বড় সাফল্য পুলিশের

পুলিশ হেফাজতে থাকা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করে এক কোটি টাকারও বেশি নগদ উদ্ধার করল ডায়মন্ড হারবার জেলা পুলিশ। ধৃতকে জেরা করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার ভোররাতে ডায়মন্ড হারবারের সরিষা এলাকার একটি তৃণমূল দলীয় কার্যালয়ে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ অর্থ বাজেয়াপ্ত করা হয়। বুধবার এক সাংবাদিক বৈঠকে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মজুমদার জানান, সরিষার যে কার্যালয়টি থেকে নগদ ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে, সেটি মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামিম আহমেদের কার্যালয় হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে খবর, এই বিপুল পরিমাণ টাকার উৎস কী, ঠিক কী উদ্দেশ্যে তা দলীয় কার্যালয়ে মজুত করে রাখা হয়েছিল এবং এই ঘটনার সঙ্গে আর কারা কারা যুক্ত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনার পর রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। একদিকে পুলিশি জেরায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসার দাবি করা হলেও, অন্যদিকে শাসক দলের পক্ষ থেকে একে রাজনৈতিক প্রতিহিংসা ও সাজানো চক্রান্ত বলে অভিযোগ তোলা হয়েছে।