বেলুনে মোড়া জমি আর ফিতাকাটার উৎসব! মুর্শিদাবাদে পেঁয়াজ চাষ শুরু করে তাক লাগালেন কৃষক!

মুর্শিদাবাদের হরিহরপাড়ার কাঞ্চননগরে পেঁয়াজ চাষ শুরুর আগে দেখা গেল এক অভিনব ও উৎসবমুখর পরিবেশ। চাষের জমি রঙিন বেলুনে সাজানোর পাশাপাশি ফিতা কেটে এবং শ্রমিকদের মিষ্টিমুখ করিয়ে এই কাজের আনুষ্ঠানিক সূচনা করলেন স্থানীয় কৃষক রিপন মণ্ডল। দীর্ঘদিন চাষবাস থেকে দূরে থাকার পর নতুন করে পেঁয়াজ চাষ শুরু করায় মাঠে কর্মরত কুড়িজন শ্রমিককে নতুন গামছা দিয়ে বরণ করে নেন তিনি। প্রথাগত চাষের বাইরে গিয়ে কৃষকের এই ব্যতিক্রমী উদ্যোগ কেবল শ্রমিকদের মুখেই হাসি ফোরায়নি, বরং তা এলাকায় ব্যাপক কৌতূহল ও উৎসাহের সৃষ্টি করেছে।
কৃষিকাজে শ্রমিকদের নিরলস পরিশ্রমের কথা মাথায় রেখেই এই বিশেষ আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছেন উদ্যোক্তা। বীজ বপন থেকে ফসল তোলা পর্যন্ত প্রতিটি ধাপে শ্রমিকদের অবদানকে সম্মান জানানোর জন্যই এমন স্মরণীয় সূচনা। কৃষকের এই অভূতপূর্ব সম্মান পেয়ে আপ্লুত মাঠের শ্রমিকরাও, যা তাঁদের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতায় সম্পূর্ণ নতুন এক মাত্রা যোগ করেছে।