নাড্ডার কনভয়ে হামলা মামলায় ধৃত অভিষেক-ঘনিষ্ঠ ইমরান, ৬ বছর পর জালে তৃণমূল নেতা!

২০২০ সালে বিজেপি নেতা জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় প্রায় ছয় বছর পর পুলিশের জালে ধরা পড়লেন তৃণমূল নেতা ইমরান হাসান। মগরাহাট পশ্চিমের প্রাক্তন যুব তৃণমূল সভাপতি ইমরানকে বুধবার গভীর রাতে দেউলা এলাকা থেকে গ্রেপ্তার করে উস্তি থানার পুলিশ। অভিযোগ, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এই নেতার নির্দেশেই একুশের বিধানসভা নির্বাচনের আগে ডায়মন্ড হারবার যাওয়ার পথে নাড্ডার কনভয়ে ভাঙচুর ও পাথর বৃষ্টি চালানো হয়। শুধু কনভয়ে আক্রমণই নয়, ভোটের আগে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুর ও হুমকির একাধিক অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
পুলিশ সূত্রে খবর, পূর্বে এই মামলায় উস্তি থানার পুলিশ জাহাঙ্গির খানসহ আরও বেশ কয়েকজন তৃণমূল নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছিল। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই ইমরানের নাম সামনে উঠে আসে। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যেই পুলিশ তৌসিফ আহমেদ, আরিফ হোসেন ও আনিসুর রহমানসহ একাধিক অভিযুক্তকে হেফাজতে নিয়েছিল। এই ঐতিহাসিক কনভয় হামলাকাণ্ডে আরও কেউ যুক্ত রয়েছে কি না এবং এর নেপথ্যে আর কী ধরনের চক্রান্ত ছিল, তা খতিয়ে দেখতে ইমরানকে জেরা করছেন তদন্তকারীরা।