কালীপুজোর নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ, বারুইপুরের মণ্ডপ ঘুরে দেখলেন পুলিশ সুপার!

কালীপুজোয় নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর বারুইপুর পুলিশ
নিজস্ব প্রতিবেদন, বারুইপুর: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রোধে বিশেষ সতর্কতা অবলম্বন করছে বারুইপুর পুলিশ। কালীপুজোয় কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে উৎসব উপভোগ করতে পারেন, তা নিশ্চিত করতেই পুলিশ প্রশাসন এই তৎপরতা গ্রহণ করেছে।
শহরের নামকরা পুজো মণ্ডপগুলোতে সরেজমিনে পরিদর্শন করেছেন পুলিশ আধিকারিকরা। এলাকার সমস্ত গুরুত্বপূর্ণ পুজো কমিটির ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তাঁরা। পরিদর্শনের পর বারুইপুরের পুলিশ সুপার জানান, “আমরা পুজো মণ্ডপগুলোর ঢোকা ও বেরনোর পথ, অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগের বিষয়টি খতিয়ে দেখেছি। সামগ্রিক ব্যবস্থাপনায় আমরা সন্তুষ্ট।”
পুজো উদ্যোক্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। উৎসবের দিনগুলোতে যাতে কোনো সমস্যা না হয় এবং দর্শনার্থীরা সুষ্ঠুভাবে ঠাকুর দেখতে পারেন, সেই লক্ষ্যেই পুলিশ প্রশাসন বদ্ধপরিকর।