পাকিস্তানি টাকাতেই দেশে অরাজকতা! ‘ককরোচ’দের ভারতবিদ্বেষী তহবিল নিয়ে বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী

কেন্দ্রীয় বিজ্ঞানমন্ত্রী জিতেন্দ্র সিং দাবি করেছেন যে, বিদেশি অর্থে মদতপুষ্ট হয়ে ভারতে অরাজকতা চালাচ্ছে ‘ককরোচ’রা। বেঙ্গালুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, ককরোচ জনতা পার্টি বা সিজেপি-র তহবিলের সপক্ষে তাঁদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। তাঁর অভিযোগ, দেশ ও বিদেশের ভারতবিদ্বেষী সংস্থাগুলি থেকে অর্থ নিচ্ছেন অভিজিৎ দীপ ও আশুতোষ রাঙ্কার মতো নেতারা, এমনকি পাকিস্তানের রাজনীতিবিদরাও তাঁদের অর্থ জোগাচ্ছেন। যন্তর মন্তরে প্রতিবাদের পর থেকেই এই তহবিল নিয়ে প্রশ্ন উঠছিল।
এদিকে জিতেন্দ্রর পর সিজেপিকে একহাত নিয়ে বিজেপি মুখপাত্র তুহিন এ সিনহা দাবি করেন, উৎসবের মরশুমে রাজধানীতে অরাজকতা ছড়ানোই ছিল এদের অসৎ উদ্দেশ্য। দেশের শক্তিশালী গণতন্ত্রকে বদনাম করতে কংগ্রেস ও সিজেপি একযোগে পরিকল্পনা করছে বলেও অভিযোগ তাঁর। উল্লেখ্য, একাধিক অভিযোগে অভিযুক্ত দুই ককরোচ নেতা বর্তমানে তদন্তে সহযোগিতা করছেন না বলেই দিল্লি পুলিশ সূত্রে খবর।