১১০ ডিগ্রি সেলসিয়াসে পুড়িয়ে ছাই করার চেষ্টা! ফ্রান্সে রক্ত সংরক্ষণের পরিকাঠামোয় বড়সড় সাইবার হামলা

ফ্রান্সের জাতীয় রক্ত সরবরাহকারী সংস্থার কোল্ড স্টোরেজ ব্যবস্থায় হানা দিয়ে রক্তের প্লাজমা নষ্ট করার চেষ্টা চালিয়েছে হ্যাকাররা। গত ১ ও ২ নভেম্বরের মধ্যবর্তী রাতে বুরগুন্দি-ফ্রঁশ-কঁতে অঞ্চলের রক্ত সংরক্ষণ কেন্দ্রে হিমঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের নির্ধারিত মান মাইনাস ৩০ ডিগ্রি থেকে বাড়িয়ে ১১০ ডিগ্রি সেলসিয়াস করার চেষ্টা করা হয়। তবে রাতের দায়িত্বে থাকা এক প্রযুক্তিবিদ সময়মতো বিষয়টি লক্ষ্য করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সতর্ক করায় বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের দাবি, সময়মতো পদক্ষেপে রক্ত সরবরাহ ব্যাহত হয়নি এবং কোনও প্লাজমা নষ্ট হওয়ার খবর নেই।
তবে এই ঘটনার নেপথ্যে থাকা হামলাকারীদের পরিচয় কিংবা কুলওয়ার্ল্ডের সিস্টেমে অনুপ্রবেশের উপায় এখনও স্পষ্ট নয়। বিশেষজ্ঞদের মতে, ১১০ ডিগ্রি সেলসিয়াস ছিল তাপমাত্রা নিয়ন্ত্রণকারী যন্ত্রের সেটিংসে নির্ধারিত মান, যা সত্যিই হিমঘরের প্রকৃত তাপমাত্রায় প্রভাব ফেলেছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এই চাঞ্চল্যকর ঘটনা প্রমাণ করল যে সাইবার অপরাধীদের নিশানা এখন শুধু আর্থিক বা সরকারি দপ্তরে সীমাবদ্ধ নেই, বরং চিকিৎসা পরিকাঠামোও তাদের আক্রমণের প্রধান লক্ষ্য হয়ে উঠছে। সংবেদনশীল এই ক্ষেত্রে বড় সংকট এড়াতে ডিজিটাল নিরাপত্তার পাশাপাশি বিকল্প নিয়ন্ত্রণ ব্যবস্থা ও নিয়মিত নজরদারির ওপর জোর দেওয়া হচ্ছে।