ইলেকট্রিক বাইকে বাড়তি ছাড়, সরকারি কর্মচারীদের জন্য দেড় লক্ষ টাকার বিশেষ ঋণ ঘোষণা করল রাজ্য!

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর নিয়ে এল নবান্ন। স্কুটার, মোটরসাইকেল কিংবা ইলেকট্রিক বাইক কেনার ক্ষেত্রে সরকারি ঋণের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অর্থ দফতর। নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রথমবার পেট্রলচালিত দুচাকা গাড়ি কেনার জন্য সর্বোচ্চ ১ লক্ষ ২০ হাজার টাকা এবং ইলেকট্রিক বাইক বা স্কুটার কেনার জন্য সর্বাধিক ১ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ মিলবে। দ্বিতীয়বার পেট্রল বা ইলেকট্রিক গাড়ি কেনার ক্ষেত্রে এই ঋণের সীমা সর্বোচ্চ ৯০ হাজার টাকা। আবেদন দ্রুত অনুমোদনের জন্য পুরনো জটিল ফাইল পাঠানোর পদ্ধতিও তুলে দেওয়া হয়েছে।
তবে এই ঋণের আবেদন করতে হলে রোপা ২০১৯ অনুযায়ী কর্মীর মূল বেতন কমপক্ষে ২৫,৭০০ টাকা হতে হবে। আসল টাকা সর্বাধিক ৬০টি কিস্তিতে এবং সুদের টাকা পরবর্তী সর্বোচ্চ ২০টি কিস্তিতে বেতন থেকে কাটা হবে। কিস্তি পরিশোধে অনিয়ম হলে অন্তত ৮ শতাংশ হারে চক্রবৃদ্ধি জরিমানা চাপবে। এর পাশাপাশি আগের ঋণের মূল টাকা ও সুদ পরিশোধের পর ৩ বছর না পেরোলে দ্বিতীয়বার ঋণের আবেদন করা যাবে না। পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়াতেই এই বাড়তি ঋণের সুযোগ দিল রাজ্য।