কাকার শেষকৃত্যে গিয়ে রাহুল গান্ধীর সভায় অনুপস্থিত, দল থেকে বহিষ্কৃত মধ্যপ্রদেশের যুব কংগ্রেস নেতা!

দিল্লির রামলীলা ময়দানে ‘ইন্ডিয়া’ জোটের ‘ভোট বাঁচাও, দেশ বাঁচাও’ কর্মসূচিতে অনুপস্থিত থাকার অপরাধে মধ্যপ্রদেশের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক রোহিত রাজোরিয়াকে বহিষ্কার করল দল। নিজের কাকার শেষকৃত্যে যোগ দেওয়ার কারণে তিনি রাহুলের এই সভায় উপস্থিত থাকতে পারেননি। কিন্তু কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা দেয়ার সুযোগ না দিয়েই তড়িঘড়ি তাঁকে বরখাস্ত করা হয়। গত ১৫ বছর ধরে দলের জন্য কাজ করা এবং বহুবার জেল খাটা নেতার প্রতি এমন সিদ্ধান্তে কংগ্রেসের অন্দরে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
সূত্রের খবর, অনুষ্ঠানে অনুপুস্থিত থাকার কারণে দেশজুড়ে যুব কংগ্রেসের অন্তত ৫০০ নেতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে হাইকমান্ড। ইতিমধ্যই ৭টি রাজ্যের ১৮৫ জন নেতাকর্মীকে বরখাস্ত করা হয়েছে, যার মধ্যে পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকজন নেতা রয়েছেন। রোহিত জানান, তিনি আগে থেকেই তাঁর পরিস্থিতির কথা দলকে জানিয়েছিলেন, তবুও এই অমানবিক শাস্তি দেওয়া হয়। অন্যদিকে এই কর্মসূচির জনসমাগম নিয়েও রাজনৈতিক বিতর্ক তুঙ্গে পৌঁছেছে; কংগ্রেস লক্ষাধিক মানুষের উপস্থিতির দাবি করলেও বিজেপি তা এআই-সৃষ্ট বলে কটাক্ষ করেছে।