সিপিএম নেত্রীর সভার খবর সংগ্রহ করে ফেরার পথে আক্রান্ত চিত্র সাংবাদিক, ভাঙচুর গাড়ি ও লুট টাকা

সিপিএম নেত্রীর সভার খবর সংগ্রহ করে ফেরার পথে আক্রান্ত চিত্র সাংবাদিক, ভাঙচুর গাড়ি ও লুট টাকা

সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের সভার খবর করে ফেরার সময় রামপুরহাট মহকুমার সংবাদ প্রতিদিনের চিত্র সাংবাদিক সুশান্ত পালের ওপর বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। গত বুধবার সন্ধ্যায় ময়ূরেশ্বরের ঘোষপাড়া এলাকায় বাড়ি ফেরার পথে ৮ থেকে ৯ জনের একটি দুষ্কৃতী দল তাঁর পথ আটকায়। মীনাক্ষী মুখোপাধ্যায়ের খবর করার ক্ষোভ থেকে হেলমেট খুলে নেওয়ার পাশাপাশি বাঁশ ও লোহার রড নিয়ে তাঁর ওপর চড়াও হয় হামলাকারীরা। মারধরের পাশাপাশি তাঁর গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং মানিব্যাগ, প্রেসের জরুরি কাগজপত্রসহ নগদ প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।

এই হামলার ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ময়ূরেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত চিত্র সাংবাদিক। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বাসুদেব ব্লক হাসপাতালে নিয়ে যান। এর আগেও ১ নভেম্বর ওই নেত্রীর সভাস্থলে যাওয়ার আগে তাঁকে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। বারবার সংবাদমাধ্যমের কর্মীদের ওপর এই ধরনের হামলার ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে এবং স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *