লাখো ভক্তের উন্মাদনা ও তীব্র আকুলতা! শান্তিপুরের বিখ্যাত বামা কালীর নাচে এবার বড় বদল!
/indian-express-bangla/media/media_files/2026/11/05/kali-2026-11-05-14-40-11.jpg?w=1280&fit=1280,720&ssl=1)
নদীয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী বামা কালীর বিসর্জন শোভাযাত্রা এবং দেবীর উন্মত্ত নাচ দেখতে প্রতিবছরই হাজার হাজার ভক্তের ঢল নামে। তবে এবার নিরাপত্তার স্বার্থে সেই বিখ্যাত নাচে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। সম্প্রতি কলকাতার চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর ভয়াবহ ঘটনার পর বাড়তি সতর্কতা গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন ও পুজো কমিটি। বামা কালীর নাচের সময় অনিয়ন্ত্রিত ভিড় সামলাতে এ বছর প্রথাগত সংকীর্ণ রাস্তার পরিবর্তে বড়বাজার চৌরাস্তা থেকে আধ কিলোমিটার দূরে অবস্থিত বেজপাড়ার মাঠে দেবীকে নাচানো হবে। সম্প্রতি জেলা পুলিশ সুপারসহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক এলাকাটি পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, ১৯৬৯ সালে ঘটপুজোর মাধ্যমে সূচিত হওয়া এই পুজোয় সম্পূর্ণ তন্ত্রমতে বিগ্রহের আরাধনা করা হয়। দেবীর বাঁ পা শিবের বুকে অবস্থান করার কারণে এই প্রতিমা ‘বামা কালী’ নামে পরিচিত। শান্তিপুরে কালীপুজোর পরদিনই মণ্ডপ থেকে প্রতিমা বের করে শুরু হয় নগর পরিক্রমা। বিসর্জনের ঘাটে পৌঁছানো পর্যন্ত ঢাক-ঢোলের শব্দে ভক্তদের কাঁধে চেপে দেবীর এই উদ্দাম নৃত্য চলে। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এই পুজো ব্যপক জনপ্রিয়তা লাভ করলেও নিরাপত্তার খাতিরে উদ্যোক্তারা এই নতুন সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হয়েছেন।