বিনামূল্যে বিদ্যুৎ যোজনায় বাজিমাত, সেরা সম্মানে ভূষিত ভারতীয় রেল!

বিনামূল্যে বিদ্যুৎ যোজনায় বাজিমাত, সেরা সম্মানে ভূষিত ভারতীয় রেল!

 

‘পিএম সূর্য ঘর’ যোজনায় শীর্ষস্থান অর্জন রেল মন্ত্রকের

নিজস্ব প্রতিবেদন: কেন্দ্র সরকারের ‘পিএম সূর্য ঘর: মুফত বিজলি যোজনা’ বাস্তবায়নে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে ভারতীয় রেল। সরকারি ভবনে সফলভাবে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার ক্যাটেগরিতে সমস্ত মন্ত্রক ও বিভাগের মধ্যে রেল মন্ত্রক প্রথম স্থান অধিকার করেছে। দেশজুড়ে সবুজ শক্তি প্রসারে রেলের এই উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

রেল মন্ত্রকের তথ্য অনুযায়ী, সারা দেশে মোট ১৫,৮৬৮টি রেল ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। নির্ধারিত সময়সীমার মধ্যে ইতিমধ্যেই ১২,৪৯৫টি ভবনে এই কাজ সম্পন্ন হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার প্রায় ৭৯ শতাংশ। এই প্রকল্পের মাধ্যমে রেলের মোট ৪২৪ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য থাকলেও, বর্তমানে ৩৫১ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পুরোদমে চালু করা হয়েছে।

জাতীয় স্তরের পরিসংখ্যানে দেখা গেছে, দেশের ৭৭টি কেন্দ্রীয় মন্ত্রক ও বিভাগের অধীনে থাকা ৩৯,১৩৫টি সরকারি ভবনের মধ্যে ২৫,৯৮৪টিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু হয়েছে। যার একটি বড় অংশের কৃতিত্ব ভারতীয় রেলের।

পরিবেশবান্ধব ও শক্তি-সাশ্রয়ী ভারত গড়ার লক্ষ্যে রেল মন্ত্রক জানিয়েছে, আগামী ২০২৭ সালের মার্চ মাসের মধ্যে অবশিষ্ট ভবনগুলিতেও সোলার প্যানেল বসানোর কাজ সম্পন্ন হবে। এর মাধ্যমে রেলের সমস্ত উপযুক্ত ভবনে ১০০ শতাংশ সৌরবিদ্যুৎ ব্যবহারের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *