এন্টালিতে ১২ বছরের শিশুকে আটকে রেখে ভয়াবহ যৌন নির্যাতন, এলাকায় তীব্র চাঞ্চল্য!

প্রতিবেশী যুবকের বিরুদ্ধে নাবালককে যৌন নির্যাতনের অভিযোগ, পলাতক অভিযুক্ত
নিজস্ব প্রতিবেদন, কলকাতা: এন্টালি থানা এলাকায় এক ১২ বছর বয়সী নাবালককে ঘরে আটকে রেখে ভয়াবহ যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় পকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে রাখা হয়েছে নির্যাতিত বালককে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে ট্যাংরা এলাকায় প্রাইভেট টিউশন পড়তে গিয়েছিল ওই নাবালক। সাধারণত রাত ৯টার মধ্যে তার বাড়ি ফেরার কথা থাকলেও, সেদিন রাত ১০টা বেজে গেলেও সে বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা। টিউশন শিক্ষকের কাছ থেকে জানা যায়, রাত সাড়ে ৮টা নাগাদই ছুটি হয়ে গিয়েছিল। এরপর এলাকার এক যুবকের কাছ থেকে তথ্য পেয়ে নাবালকের বাবা সরাসরি প্রতিবেশী ওই যুবকের বাড়িতে যান।
অভিযোগ, দরজা খোলার পর ঘরের ভেতর থেকে উদ্ধার করা হয় ওই নাবালককে। অভিযুক্ত যুবক তখন দাবি করেছিল, একসঙ্গে খাওয়ার জন্যই সে ছেলেটিকে ডেকেছিল। এরপর ছেলেকে বাড়িতে নিয়ে এলেও তার আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেন বাবা-মা। মঙ্গলবার রাতে খাওয়াদাওয়া নিয়ে বকাবকির পর ভুক্তভোগী বালক তার ওপর হওয়া নির্যাতনের পুরো ঘটনা পরিবারের কাছে খুলে বলে।
বালকের অভিযোগ, ওই প্রতিবেশী যুবক তাকে ঘরে আটকে রেখে প্রায় এক ঘণ্টা ধরে ভয় দেখিয়ে বিকৃত যৌন নির্যাতন চালায়। শুধু তাই নয়, ঘটনাটি কাউকে জানালে তাকে ফের একই পরিণতির সম্মুখীন হতে হবে বলে হুমকি দেওয়া হয়।
এই তথ্য জানাজানি হতেই স্থানীয়রা অভিযুক্তের বাড়িতে চড়াও হন, তবে ততক্ষণে সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। এরপরই নির্যাতিতের বাবা এন্টালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পরই নাবালকের মেডিকেল পরীক্ষা করানো হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য জোর তল্লাশি চালানো হচ্ছে।