১০ বছরের জেল বহাল, সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন তরুণ তেজপাল!

সাজা স্থগিতের আবেদন খারিজ, জেলই বহাল প্রাক্তন সম্পাদক তরুণ তেজপালের
নয়া দিল্লি: প্রাক্তন সম্পাদক তরুণ তেজপালের সাজা স্থগিতের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি পি বি ভারালের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, বর্তমান তথ্যপ্রমাণের ভিত্তিতে সাজা স্থগিত করার মতো কোনো যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছে না আদালত। ফলে আপাতত তাঁকে জেলেই থাকতে হচ্ছে।
শুনানির সময় তরুণ তেজপালের পক্ষে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিবাল ও সিদ্ধার্থ আগরওয়াল। তাঁদের যুক্তি ছিল, ঘটনার সময়কাল ছিল মাত্র ২ মিনিট ৯ সেকেন্ড এবং সেই সময়ের মধ্যে সিসিটিভি ফুটেজে দু’বার লিফটের দরজা খুলতে দেখা গেছে। পুলিশ সিসিটিভি ফুটেজ সঠিকভাবে খতিয়ে দেখেনি বলে অভিযোগ তুলে তাঁদের দাবি, পুরো মামলাটিই কাল্পনিক। এছাড়াও, বিচার প্রক্রিয়ার সময় তেজপাল জামিনে মুক্ত থাকলেও তিনি কখনোই সেই স্বাধীনতার অপব্যবহার করেননি বলে আদালতে জানান তাঁর আইনজীবীরা।
অন্যদিকে, গোয়া সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা সাজা স্থগিতের আবেদনের তীব্র বিরোধিতা করেন। তিনি ঘটনার রাতে তেজপালের পাঠানো বেশ কিছু হোয়াটসঅ্যাপ বার্তা এবং পরবর্তীতে তাঁর কর্মকাণ্ড আদালতে পেশ করেন। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর শীর্ষ আদালত তেজপালের আবেদনটি খারিজ করে দেয়।