পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টের দ্বারস্থ সুমিত রায়ের স্ত্রী!

পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টের দ্বারস্থ সুমিত রায়ের স্ত্রী!

 

ডায়মন্ড হারবারে টাকা উদ্ধার: স্বামীর উপর নির্যাতনের অভিযোগ তুলে সিবিআই তদন্তের আর্জি সুমিতের স্ত্রীর

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: ডায়মন্ড হারবারে তৃণমূলের পার্টি অফিস থেকে টাকা উদ্ধারের ঘটনায় নিজের স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘সাজানো’ বলে দাবি করলেন সাংসদ অভিষেকের আপ্তসহায়ক সুমিতের স্ত্রী সুস্মিতা। স্বামীর ওপর পুলিশি নির্যাতন ও তাঁকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। মঙ্গলবার বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

গত বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের একটি পার্টি অফিস থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে যায়। পুলিশের দাবি ছিল, সুমিতকে জেরা করেই এই টাকার হদিস মিলেছে। যদিও তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই দাবি করেছিলেন, পুলিশ পরিকল্পিতভাবে এই ঘটনা সাজিয়েছে এবং তাঁর আপ্তসহায়ককে ‘এনকাউন্টারে’ মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। এবার সেই সুরেই অভিযোগ তুললেন সুমিতের স্ত্রী সুস্মিতা।

আদালতে দায়ের করা আবেদনে সুস্মিতার অভিযোগ, পুলিশি হেফাজতে সুমিতের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছে এবং জোর করে তাঁর থেকে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হচ্ছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, ওই টাকা উদ্ধারের ঘটনার সঙ্গে তাঁর স্বামীর কোনো যোগ নেই। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য এই ষড়যন্ত্র করা হয়েছে বলে দাবি তাঁর।

সুস্মিতা আদালতে আবেদন জানিয়েছেন, ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য দায়িত্বভার সিবিআই-এর হাতে দেওয়া হোক। যদি তা সম্ভব না হয়, তবে কোনো অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তদন্ত করা হোক। পাশাপাশি, এই তদন্ত প্রক্রিয়া থেকে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের সরানোর আর্জিও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের শালবনির জমি দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে আবেদন খারিজ হওয়ার পর পুলিশ সুমিতকে গ্রেফতার করে। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। পুজোর ছুটির কারণে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে তাঁর জামিনের আবেদন সাড়া না মেলায় ১৬ নভেম্বর নিয়মিত বেঞ্চে শুনানির অপেক্ষায় রয়েছেন তিনি। এর মধ্যেই পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে আইনি লড়াই শুরু করলেন তাঁর স্ত্রী। মঙ্গলবার আদালতের নির্দেশ কী হয়, সেদিকেই তাকিয়ে সব পক্ষ।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *