দেশে ফিরতে মরিয়া শেখ হাসিনা! পাসপোর্ট চেয়ে দিল্লিতে আবেদন, ঢাকায় কী প্রতিক্রিয়া?

পাসপোর্ট ও এনআইডি ফিরে পেতে বাংলাদেশ হাই কমিশনের দ্বারস্থ শেখ হাসিনা
নিজস্ব প্রতিবেদক:
দেশে ফেরার উদ্দেশ্যে এবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারের কাছে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফেরতের আবেদন জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনের ল ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর মাধ্যমে সোমবার সকালে দিল্লির বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের দপ্তরে এই আবেদনপত্র জমা দেওয়া হয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর এই প্রথম শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে লিখিত কোনো আবেদন জানানো হলো। আবেদনে উল্লেখ করা হয়েছে, তিনি জানতে পেরেছেন অন্তর্বর্তী সরকার তাঁর বিদ্যমান পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে। এই পরিস্থিতিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর জন্য তিনি অনুরোধ জানিয়েছেন। চিঠিতে আরও দাবি করা হয়েছে, বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি অনুযায়ী তাঁর এই আবেদন দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন।
উল্লেখ্য, শেখ হাসিনা ভারতে আসার পরপরই তৎকালীন অন্তর্বর্তী সরকার তাঁর কূটনৈতিক পাসপোর্ট (রেড পাসপোর্ট) ও এনআইডি বাতিল করে দেয়। গত সপ্তাহে বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হবে না। সরকারপ্রধানদের মতে, শেখ হাসিনা একজন ফেরার আসামি। ভারত সরকার তাঁকে সমর্পণ করলেই তিনি দেশে ফিরতে পারবেন।
এদিকে, গত ১৭ নভেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে। এ ছাড়াও তাঁর বিরুদ্ধে একাধিক মামলায় প্রায় ৪০ বছরের কারাবাসের সাজা রয়েছে। শেখ হাসিনার দাবি, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই এই রায় দেওয়া হয়েছে। তিনি উচ্চ আদালতে আপিল করতে আগ্রহী।
সংবিধান বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের সংবিধানের ৩৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, কোনো নাগরিকের দেশে ফেরার জন্য বিশেষ অনুমতির প্রয়োজন নেই। এছাড়া রাষ্ট্রসংঘের আন্তর্জাতিক রাজনৈতিক ও নাগরিক অধিকার সনদ অনুযায়ী, কোনো নাগরিককে তাঁর নিজ দেশ থেকে বঞ্চিত করা যায় না। যদিও সরকার তাঁর পরিচয়পত্র বাতিল করেছে, তবে নাগরিকত্ব খারিজ করেনি।
এর আগে বিভিন্ন সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, তিনি আইনি লড়াইয়ের মাধ্যমে দেশে ফিরতে চান। বর্তমান পরিস্থিতিতে সরকার তাঁর আবেদন গ্রহণ করবে কি না, সে বিষয়ে সংশয় থাকলেও আইনি জটিলতা এড়াতে শেখ হাসিনার এই আবেদনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।