রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুন: এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত!

রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুনের অভিযুক্তের মৃত্যু পুলিশের এনকাউন্টারে
নিজস্ব প্রতিবেদন, রায়গঞ্জ: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ১২ বছরের এক নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত দিলীপ রায়ের মৃত্যু হয়েছে পুলিশের এনকাউন্টারে। সোমবার ভোরে রায়গঞ্জ থানার বাংলা-বিহার সীমানা এলাকায় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে তার মৃত্যু হয়। এই নিয়ে গত কয়েক মাসে রাজ্যে পুলিশি এনকাউন্টারে মোট চারজন অভিযুক্তের মৃত্যুর ঘটনা ঘটল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার সাইকেল নিয়ে বেরিয়ে নিখোঁজ হয় ওই নাবালিকা। গত বৃহস্পতিবার কুলিকের আব্দুলঘাটা ফরেস্ট এলাকা থেকে তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় পরিবার থানায় মামলা দায়ের করলে তদন্তে নেমে পুলিশ দিলীপ রায়ের নাম জানতে পারে। ঘটনার পর থেকেই সে পলাতক ছিল।
রবিবার গভীর রাতে পুলিশ গোপন সূত্রে খবর পায়, অভিযুক্ত দিলীপ বিহারে পালানোর উদ্দেশ্যে বাংলা-বিহার সীমানা এলাকায় আত্মগোপন করে আছে। এই তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে রায়গঞ্জ থানার একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়। পুলিশের দাবি, ঘটনাস্থলে পৌঁছাতেই অভিযুক্ত পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পুলিশের গাড়িতেও গুলি লাগে। এরপর আত্মরক্ষার খাতিরে পুলিশ পাল্টা গুলি চালায়। দুই পক্ষের সংঘর্ষে গুরুতর জখম অবস্থায় দিলীপকে উদ্ধার করে রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত জুলাই মাসে বারুইপুরে এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্ত প্রভাস মণ্ডল এবং অক্টোবরে গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রহ্লাদ দাস পুলিশের গুলিতে নিহত হয়। একই দিনে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে সুজিত মণ্ডল খুনে অভিযুক্ত সামাউল হকও এনকাউন্টারে প্রাণ হারায়। একের পর এক এনকাউন্টারের ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক ও চর্চা শুরু হয়েছে। পুলিশের উচ্চমহল থেকে অবশ্য এই ঘটনা নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।