কালীপুজোর পরেই বৃষ্টির ভ্রুকুটি! ফের ভিজবে দক্ষিণবঙ্গ?

দক্ষিণ ও উত্তরবঙ্গের একাংশে বৃষ্টির পূর্বাভাস, বাড়বে তাপমাত্রা
নিজস্ব প্রতিবেদন: বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ পুবালি বাতাস ও পশ্চিমি শুকনো বাতাসের সংঘাতের জেরে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, নদীয়া, মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরের কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার এই জেলাগুলোর পাশাপাশি হুগলি এবং পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওইদিন দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরের কিছু অংশে বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আজ মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
গত কয়েকদিন ধরে সক্রিয় পশ্চিমি হাওয়ার প্রভাবে রাজ্যজুড়ে তাপমাত্রা নিম্নমুখী ছিল। রবিবার দক্ষিণবঙ্গের মধ্যে ঝাড়গ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের সমতল এলাকাগুলোর মধ্যে কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস এবং দার্জিলিংয়ে তা ৮-৯ ডিগ্রিতে নেমে এসেছে।
তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধির ফলে আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ফের কিছুটা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি থেকে বেড়ে ২৩-২৪ ডিগ্রিতে পৌঁছাতে পারে।