দিওয়ালির রাতে দিল্লির বিষাক্ত বাতাস, ৩০০০ ছাড়াল কি AQI?

দিল্লির বায়ুদূষণের তথ্য গোপনের অভিযোগ, রাজনৈতিক তরজায় উত্তপ্ত রাজধানী
নিজস্ব প্রতিবেদক, নয়াদিল্লি: ভয়াবহ বায়ুদূষণের কবলে রাজধানী দিল্লি। এর মধ্যেই সরকারি দূষণ পরিমাপক তথ্যের স্বচ্ছতা নিয়ে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। দিল্লির শাসকদল বিজেপির বিরুদ্ধে বায়ুদূষণের আসল পরিসংখ্যান গোপন করার বিস্ফোরক অভিযোগ তুলেছে বিরোধী দল কংগ্রেস ও আম আদমি পার্টি (আপ)।
তথ্য উধাওয়ের অভিযোগে সরব বিরোধীরা
কংগ্রেস মুখপাত্র পবন খেরা অভিযোগ করেছেন, দীপাবলির গভীর রাতে (রাত ২টো থেকে ৩টের মধ্যে) দিল্লির ৩৯টি বায়ু মনিটরিং স্টেশনের মধ্যে ২৫টি থেকেই অতি সূক্ষ্ম ধূলিকণা বা পিএম২.৫ (PM2.5)-এর তথ্য উধাও হয়ে যায়। আরকে পুরম, নেহরু নগর, মুন্ডকা, সোনিয়া বিহার ও দ্বারকার মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর রিয়েল-টাইম রিডিং বন্ধ হওয়ার বিষয়টি নিয়ে তিনি তীব্র কটাক্ষ করেন। অন্যদিকে, আপ নেতা সৌরভ ভরদ্বাজ দাবি করেছেন, দীপাবলির রাতে শহরের কিছু এলাকায় বায়ু গুণমান সূচক বা একিউআই (AQI) ৩,০০০ ছাড়িয়ে গিয়েছিল, যা সরকারি তথ্যে ধামাচাপা দেওয়া হয়েছে।
রাজধানীর বর্তমান পরিস্থিতি
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (সিপিসিবি) তথ্য অনুযায়ী, ৮ নভেম্বর রাত ১১টা নাগাদ দিল্লির গড় একিউআই ছিল ৩৭৩। তবে আলিপুর, বাওয়ানা, বুরারি, মুন্ডকা ও রোহিণীর মতো জনবহুল এলাকাগুলোতে তা ৪০০-এর গণ্ডি ছাড়িয়ে যায়। এছাড়া নয়ডায় ৩১৯, গাজিয়াবাদে ৩৬০, গুরুগ্রামে ২৮০ এবং ফরিদাবাদে ২৯৭ একিউআই রেকর্ড করা হয়েছে। সিপিসিবির নির্দেশিকা অনুযায়ী, একিউআই ৪০১ থেকে ৫০০-এর মধ্যে থাকা মানে তা অত্যন্ত গুরুতর ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ।
বিজেপির পাল্টা প্রতিক্রিয়া
বিরোধীদের তোলা তথ্য গোপনের অভিযোগকে ‘সস্তা রাজনীতি’ বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। দলের প্রবীণ সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল পাল্টা অভিযোগ করে বলেন, দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সত্ত্বেও কংগ্রেস ও আপ দিল্লিকে দূষণমুক্ত করতে ব্যর্থ হয়েছে। উৎসবের সময় এ ধরনের বিতর্ক উসকে বিরোধীরা সাম্প্রদায়িক রাজনীতি করছে বলেও তিনি মন্তব্য করেন।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে দীপাবলির সময় ‘গ্রিন বাজি’ পোড়ানোর আংশিক অনুমতি থাকলেও ৯ নভেম্বর থেকে ফের বাজি নিষিদ্ধ করা হয়েছে এবং গ্র্যাপের (GRAP) তৃতীয় পর্যায় কার্যকর করা হয়েছে। প্রশাসনের কড়াকড়ি সত্ত্বেও দিল্লির বাতাসে বিষাক্ত ধোঁয়াশা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।