মোদীকে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ ছুড়লেন রাহুল!

মোদীকে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ ছুড়লেন রাহুল!

 

প্রধানমন্ত্রীকে ফের বিতর্কের চ্যালেঞ্জ রাহুল গান্ধীর, পাল্টা নিশানা ‘দিমাগি নকশাল’ মন্তব্যের

নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘দিমাগি নকশাল’ সংক্রান্ত মন্তব্যের প্রেক্ষিতে তাঁকে ফের সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ‘দেশবিরোধী’ এবং ‘বিদেশি শক্তির দ্বারা নিয়ন্ত্রিত’—এই বিষয়গুলি নিয়ে প্রধানমন্ত্রীকে যে কোনো সময়ে এবং যে কোনো স্থানে আলোচনার আহ্বান জানিয়েছেন তিনি।

ঘটনার সূত্রপাত রবিবার বস্তারে নিরাপত্তা কর্মীদের উদ্দেশ্যে দেওয়া প্রধানমন্ত্রী মোদীর ভাষণকে কেন্দ্র করে। সেখানে প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, সশস্ত্র নকশালবাদ নির্মূল হলেও ‘দিমাগি নকশালরা’ বর্তমানে দেশের গণতন্ত্র ও সংবিধানের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনে এদের অনুপ্রবেশ ঘটেছে বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া, পূর্ববর্তী সরকারগুলি নিরাপত্তা বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি বলেও তিনি দাবি করেন।

প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে রাহুল গান্ধী সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি পোস্টে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীন উপস্থিত জওয়ানদের অভিব্যক্তিতেই স্পষ্ট ছিল যে তারা তাঁর কথা বিশ্বাস করেননি। রাহুল বলেন, “উনি আমাদের নকশাল বলেছেন।”

নিজের পুরনো অভিযোগের পুনরাবৃত্তি করে রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী বিদেশি সহায়তায় ক্ষমতায় এসেছেন এবং ভারতের আর্থিক ব্যবস্থা বিদেশি শক্তির দ্বারা নিয়ন্ত্রিত। এই অভিযোগগুলির ভিত্তিতে প্রধানমন্ত্রীকে আলোচনার চ্যালেঞ্জ জানিয়ে রাহুল বলেন, “কে দেশবিরোধী এবং কে বিদেশি শক্তির দ্বারা নিয়ন্ত্রিত, তা নিয়ে প্রধানমন্ত্রী আমার সঙ্গে যে কোনো সময়ে, যে কোনো স্থানে বিতর্কে বসুন।”

একইসঙ্গে রাহুল গান্ধীর কটাক্ষ, এই বিতর্কের পর প্রধানমন্ত্রী কোনো জওয়ানের সামনে দাঁড়ানোর মতো সাহস পাবেন না। উল্লেখ্য, এর আগেও একাধিকবার প্রধানমন্ত্রীকে খোলা বিতর্কের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ তোলার পাশাপাশি তিনি দাবি করেছিলেন, নরেন্দ্র মোদী ভয়েই তাঁর সঙ্গে বিতর্কে বসতে চান না। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় বা বিজেপির পক্ষ থেকে এই চ্যালেঞ্জের বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *