মদ্যপানের আসরে প্রেমিককে খুনের অভিযোগ, গ্রেপ্তার প্রেমিকা ও তাঁর মা

মদ্যপানের আসরে প্রেমিককে খুনের অভিযোগ, গ্রেপ্তার প্রেমিকা ও তাঁর মা

প্রেমিকের রহস্যমৃত্যু: গ্রেপ্তার প্রেমিকা ও তাঁর মা নিজস্ব প্রতিবেদক, নরেন্দ্রপুর: নরেন্দ্রপুরে এক ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাতে এই ঘটনায় পুলিশ সঞ্চালিকা বসু নামে এক তরুণী ও তাঁর মা মৌমিতা বসুকে গ্রেপ্তার করেছে। মৃত যুবকের নাম সার্থক সরকার, তাঁর বাড়ি বারাসতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বারাসতের বাসিন্দা সার্থকের সঙ্গে বছরখানেক আগে সঞ্চালিকার পরিচয় হয়। এরপর তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সঞ্চালিকা তাঁর মা ও বাবার সঙ্গে নরেন্দ্রপুরের একটি ভাড়াবাসায় থাকতেন। সার্থক নিয়মিত ওই ফ্ল্যাটে যাতায়াত করতেন এবং মাঝেমধ্যে সেখানে রাতও কাটাতেন। ঘটনার রাতে সার্থক, সঞ্চালিকা ও মৌমিতা দেবী ওই ফ্ল্যাটে মদ্যপানের আসরে বসেছিলেন। সেই সময় সার্থক ও সঞ্চালিকার মধ্যে বচসা শুরু হয়। প্রতিবেশীদের দাবি, গভীর রাতে চিৎকার শুনে তাঁরা ফ্ল্যাটে গিয়ে দেখেন, সার্থক অচৈতন্য অবস্থায় বিছানায় পড়ে রয়েছেন। মৌমিতা দেবীর গলায় আঁচড়ের দাগ দেখা যায়। তড়িঘড়ি সার্থককে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মা ও মেয়ের দাবি, অতিরিক্ত মদ্যপানের ফলে সার্থক দুর্ঘটনাবশত চশমার ওপর পড়ে যান এবং কাঁচ গেঁথে গিয়েই এই বিপত্তি। তবে তদন্তকারীদের দাবি, মৃতের শরীরে ডান দিকে কলার বোনের নিচে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে, যা স্বাভাবিক মৃত্যু নিয়ে সংশয় তৈরি করেছে। এটি পরিকল্পিত খুন বলেই প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। নিহত যুবকের বাবা সুজয় সরকার নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সময় সেখানে অন্য কেউ উপস্থিত ছিল কি না বা ঠিক কী কারণে এই মৃত্যু, তা খতিয়ে দেখতে ধৃত মা ও মেয়েকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বারুইপুর পুলিশ জেলার এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ঘটনার নেপথ্য কারণ উদঘাটনে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *