মুম্বইসহ মহারাষ্ট্রে নামী ফুড চেন ও অনলাইন ডেলিভারি সংস্থার লাইসেন্স স্থগিত, কড়া ব্যবস্থা প্রশাসনের

খাদ্য সুরক্ষা আইন লঙ্ঘন: মুম্বইসহ মহারাষ্ট্রে নামী ফুড চেন ও অনলাইন ডেলিভারি সংস্থার লাইসেন্স স্থগিত নিজস্ব প্রতিবেদক, মুম্বই: দীপাবলি উৎসবের প্রাক্কালে মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালাল রাজ্য খাদ্য ও ওষুধ প্রশাসন (FDA)। গত ৪ ও ৫ নভেম্বর পরিচালিত এই অভিযানে নিয়ম লঙ্ঘনের অভিযোগে ব্লিঙ্কিট (Blinkit), জেপ্টো (Zepto)-র মতো জনপ্রিয় অনলাইন ডেলিভারি সংস্থা ও একাধিক নামী ফুড চেনের লাইসেন্স স্থগিত করা হয়েছে। এফডিএ সূত্রে জানা গিয়েছে, কেবল মুম্বইতেই ২৮টি খাদ্য প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল বা স্থগিত করা হয়েছে। এর মধ্যে ‘বিরিয়ানি বাই কিলো’ (Biryani By Kilo), ‘টসিন পিৎজা’র (Tossin Pizza) ওরলি শাখা এবং ‘জাম্বো বার্গার’ (Jumbo Burger)-এর মতো জনপ্রিয় ব্র্যান্ড রয়েছে। এছাড়া, অস্বাস্থ্যকর পরিবেশ এবং সুরক্ষা বিধি না মানায় বোরিভলির ‘রাজধানী বিরিয়ানি সেন্টার’কে সম্পূর্ণ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। মুম্বইয়ের বাইরেও পুনেতে তিনটি, অমরাবতীতে দু’টি এবং কোঙ্কন অঞ্চলে একটিসহ মোট সাতটি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। অনিয়মের খতিয়ান: পরিদর্শনের সময় বিভিন্ন প্রতিষ্ঠানে গুরুতর অস্বাস্থ্যকর পরিবেশ লক্ষ্য করা গিয়েছে। খাবার তৈরি ও সংরক্ষণে পরিচ্ছন্নতার অভাব, কীটপতঙ্গ নিয়ন্ত্রণের অব্যবস্থা, ভুল তাপমাত্রায় খাবার রাখা এবং প্রয়োজনীয় নথিপত্র ও শংসাপত্রের অভাব রয়েছে বলে অভিযোগ। এছাড়া নাগপুরের একটি ডি-মার্ট (D-Mart) শাখায় লাইসেন্সের শর্ত লঙ্ঘনের দায়ে প্রচুর পরিমাণে পরিশোধিত সয়াবিন তেল বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত পণ্যের পরিমাণ ও আইনি পদক্ষেপ: দু’দিনের এই অভিযানে ৬৯টিরও বেশি প্রতিষ্ঠান থেকে প্রায় ৩৯.৫ টন খাবার বাজেয়াপ্ত করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১.৩৫ কোটি টাকা। বাজেয়াপ্ত পণ্যের তালিকায় রয়েছে মাওয়া, খোয়া, পনির, ঘি, ভোজ্য তেল, ফারসান, শুকনো ফল এবং মিষ্টান্ন। পাশাপাশি প্রায় ৭.৯৬ লক্ষ টাকার নিষিদ্ধ গুটখা ও পানমশলাও উদ্ধার করেছে প্রশাসন। এই ঘটনায় মোট তিনটি এফআইআর দায়ের করা হয়েছে এবং দু’জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে দু’টি গাড়িও আটক করা হয়েছে। এই বিষয়ে এফডিএ কমিশনার তুকারাম মুন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, “জনগণের স্বাস্থ্যের সঙ্গে কোনো প্রকার আপস বরদাস্ত করা হবে না। খাদ্য সুরক্ষা নিয়ম লঙ্ঘনকারী যেকোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”