মোদীকে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ, আসল দেশবিরোধী কে? প্রমাণ হোক ৫ মিনিটেই!

মোদীকে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ, আসল দেশবিরোধী কে? প্রমাণ হোক ৫ মিনিটেই!

 

প্রধানমন্ত্রীকে মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ রাহুল গান্ধীর, পাল্টা তোপ কংগ্রেসের

নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘দিমাগি নকশাল’ সংক্রান্ত মন্তব্যের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার সামাজিক মাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে রাহুল সরাসরি প্রধানমন্ত্রীকে মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

রবিবার ছত্তিশগড়ের বস্তারে সিআরপিএফ জওয়ানদের সঙ্গে দীপাবলি পালনের সময় প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করেন, নকশালী মনোভাবাপন্ন বহু ব্যক্তি এখন বিভিন্ন বিরোধী দল ও সংগঠনে অনুপ্রবেশ করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও সংবিধানকে অপমান করছেন। প্রধানমন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় রাহুল গান্ধী দাবি করেন, জওয়ানদের মুখের অভিব্যক্তি দেখেই স্পষ্ট যে তাঁরা প্রধানমন্ত্রীর এই কথায় বিশ্বাস রাখেননি।

রাহুলের চ্যালেঞ্জ, প্রধানমন্ত্রী তাঁকে মাত্র পাঁচ মিনিট সময় দিলে তিনি প্রমাণ করে দেবেন, কারা প্রকৃত দেশবিরোধী এবং কাদের বিদেশি শক্তির দ্বারা পরিচালিত করা হচ্ছে। কংগ্রেস নেতার দাবি, এই বিতর্কের মাধ্যমেই তিনি দেশবাসীর সামনে স্পষ্ট করে দেবেন কীভাবে প্রধানমন্ত্রী দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। রাহুল হুঁশিয়ারি দিয়ে বলেন, এই বিতর্কের পর প্রধানমন্ত্রী আর কোনও সিআরপিএফ জওয়ানের মুখোমুখি হওয়ার সাহস পাবেন না।

অন্যদিকে, কংগ্রেসের পক্ষ থেকেও মোদীর এই মন্তব্যের কড়া সমালোচনা করা হয়েছে। দলীয় এক্স হ্যান্ডেল থেকে করা পোস্টে দাবি করা হয়েছে, প্রধানমন্ত্রী বর্তমানে চরম হতাশ হয়ে এই ধরনের অবান্তর কথা বলছেন। তাঁর ‘ঝোলা নিয়ে চলে যাওয়ার’ সময় দ্রুত এগিয়ে আসছে বলেও কংগ্রেস কটাক্ষ করেছে। উল্লেখ্য, অতীতে প্রধানমন্ত্রী নিজেই বলেছিলেন যে, সময় এলে তিনি সবকিছু ছেড়ে ‘ঝোলা নিয়ে ফকিরে মতো’ অন্তরালে চলে যাবেন। সেই মন্তব্যকেই হাতিয়ার করে এখন মোদীকে আক্রমণ করছে হাত শিবির।

উল্লেখ্য, চলতি বছরের স্বাধীনতা দিবসে লালকেল্লার ভাষণ থেকে প্রথম ‘দিমাগি নকশাল’ শব্দবন্ধটি ব্যবহার করেছিলেন প্রধানমন্ত্রী। তখন থেকেই কংগ্রেসের দাবি, নিজেদের অপশাসন ও ব্যর্থতা ঢাকতে এবং গণতান্ত্রিক প্রতিবাদকে স্তব্ধ করতেই মোদী এ ধরনের শব্দ ব্যবহার করে বিরোধীদের অপপ্রচার করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *