হুলিয়া জারি হতেই পলায়ন, বিমানবন্দর থেকে গ্রেফতার ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম!

ধর্ষণ মামলায় গ্রেফতার ক্যানিংয়ের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর: ধর্ষণ ও প্রাণনাশের হুমকির অভিযোগে অভিযুক্ত ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেফতার করল বারুইপুর জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে পাকড়াও করেন তদন্তকারীরা। মুম্বই পালানোর উদ্দেশ্যে বিমানে ওঠার আগেই তিনি পুলিশের জালে ধরা পড়েন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ সেপ্টেম্বর ক্যানিং থানায় এক মহিলা বিধায়কের বিরুদ্ধে ধর্ষণ, বলপূর্বক শ্লীলতাহানি এবং প্রাণনাশের হুমকির অভিযোগে মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই বিধায়ক গা-ঢাকা দিয়েছিলেন। তাঁর সন্ধানে বাড়িতে তল্লাশি চালালেও পুলিশ তাঁকে খুঁজে পায়নি। মঙ্গলবার পুলিশের বিশেষ দল জানতে পারে, অভিযুক্ত বিধায়ক কলকাতা বিমানবন্দর হয়ে মুম্বই যাওয়ার পরিকল্পনা করেছেন। এরপরই বিমানবন্দর এলাকায় বিশেষ নজরদারি চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
বিধায়কের বিরুদ্ধে অবশ্য এই অভিযোগই প্রথম নয়। অতীতেও তাঁর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো— মাতলা নদীর সরকারি চর অবৈধভাবে দখল, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে এলাকায় ব্যাপক বোমাবাজি ও গুলি চালানোর মতো রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা। এসব ঘটনায় তাঁকে অতীতে সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে হয়েছিল।
গ্রেফতারের পর বিধায়ককে বারুইপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। সেখানে পুলিশের শীর্ষ আধিকারিকরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন। সমস্ত আইনি প্রক্রিয়া ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর বুধবার তাঁকে আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে পুলিশ। বিধায়ককে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তকারীরা এই ধর্ষণ মামলার নেপথ্যে থাকা যাবতীয় তথ্যের শিকড়ে পৌঁছাতে চাইছেন। শাসকদলের বিধায়কের এই গ্রেফতারি ঘিরে দক্ষিণ ২৪ পরগনা জেলাসহ রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।