মোদীকে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ রাহুলের, দেশবিরোধী কে? ৫ মিনিটেই প্রমাণ করব!

মোদীকে প্রকাশ্য বিতর্কের চ্যালেঞ্জ রাহুলের, দেশবিরোধী কে? ৫ মিনিটেই প্রমাণ করব!

 

প্রধানমন্ত্রীকে বিতর্কের চ্যালেঞ্জ রাহুল গান্ধীর: ‘দিমাগি নকশাল’ মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক তরজা

নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘দিমাগি নকশাল’ মন্তব্যকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক সংঘাতের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যের পালটা জবাব দিয়ে তাঁকে সরাসরি মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

রবিবার ছত্তিশগড়ের বস্তারে সিআরপিএফ (CRPF) জওয়ানদের সঙ্গে দীপাবলি পালনের সময় প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করেন, অস্ত্রধারী মাওবাদীদের সামরিক বাহিনী দমন করলেও, এক শ্রেণির মানুষ ‘নকশালী মনোভাব’ নিয়ে বিভিন্ন বিরোধী দল ও সংগঠনে ঢুকে পড়েছেন। প্রধানমন্ত্রীর দাবি, এরা আড়াল থেকে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ও সংবিধানকে অপমান করছেন।

এর প্রতিক্রিয়ায় সোমবার সামাজিক মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) রাহুল গান্ধী লেখেন, প্রধানমন্ত্রী মাত্র পাঁচ মিনিট সময় দিলে তিনি প্রমাণ করে দেবেন আসল ‘দেশবিরোধী’ কারা এবং কাদের বিদেশি শক্তির মদত রয়েছে। রাহুল গান্ধীর দাবি, এই পাঁচ মিনিটের বিতর্কেই তিনি স্পষ্ট করে দেবেন কীভাবে প্রধানমন্ত্রী দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। জওয়ানদের সামনে প্রধানমন্ত্রীর এই ধরনের মন্তব্যে জওয়ানদের প্রতিক্রিয়াই প্রমাণ করে যে, তাঁরা এই কথায় বিশ্বাস রাখেননি বলে রাহুল দাবি করেন। এমনকি, বিতর্কের পর প্রধানমন্ত্রী আর কোনো জওয়ানের মুখোমুখি হওয়ার সাহস পাবেন না বলেও তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন।

উল্লেখ্য, চলতি বছরের স্বাধীনতা দিবসের ভাষণে প্রথমবার ‘দিমাগি নকশাল’ শব্দটি ব্যবহার করেছিলেন প্রধানমন্ত্রী। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, মানসিক স্তরে অরাজকতা ছড়ানো ব্যক্তিদের চিহ্নিত করা জরুরি। যদিও কংগ্রেসের অভিযোগ, নিজেদের প্রশাসনিক ব্যর্থতা ঢাকতে এবং গণতান্ত্রিক প্রতিবাদকে স্তব্ধ করতে মোদী এই কৌশল অবলম্বন করছেন।

প্রধানমন্ত্রীকে আক্রমণ করে কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকেও একটি পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, হতাশ ও বিরক্ত প্রধানমন্ত্রী অবান্তর কথা বলছেন। তাঁর ‘ঝোলা নিয়ে চলে যাওয়ার’ সময় দ্রুত এগিয়ে আসছে। উল্লেখ্য, অতীতের এক মন্তব্যে মোদী জানিয়েছিলেন, ক্ষমতার মোহ নেই এবং প্রয়োজনে তিনি ‘ঝোলা নিয়ে ফকিরে মতো’ অন্তরালে চলে যাবেন। সেই মন্তব্যকেই হাতিয়ার করে এখন শাসকদলকে বিদ্ধ করছে কংগ্রেস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *