এনকাউন্টার মানেই কি বিচার শেষ, ছেলের মৃত্যুতে কেঁদে ভাসালেন মা!

পুলিশি এনকাউন্টারে ছেলের মৃত্যুতে বিচার চাইলেন মা, পরিবারে তীব্র আর্থিক সংকট
নিজস্ব প্রতিবেদন: পুলিশি এনকাউন্টারে মৃত প্রহ্লাদ দাসের মৃত্যু নিয়ে পুলিশের বয়ান মানতে অস্বীকার করলেন তাঁর মা রেখা দাস। সোমবার তিনি অভিযোগ করেন, তার ছেলে অপরাধী হলেও পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছে—এই দাবি সত্য নয়।
প্রহ্লাদের মা বলেন, “ছেলে ধর্ষণ ও খুনের মতো ঘটনায় জড়িত ছিল, তা মেনে নিয়েও পুলিশের ওপর হামলার গল্প বিশ্বাস করতে পারছি না। সে বন্দুক ছিনিয়ে নিয়ে পুলিশকে গুলি করেছে—পুলিশের এই বয়ান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
ছেলের মৃত্যুর পর থেকেই প্রহ্লাদের পরিবার চরম বিপাকে। বর্তমানে বড় ছেলেকে হারিয়ে বাবা-মা ছোট ছেলেকে নিয়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন। চরম অভাবের সংসারে দিনমজুরি বা আয়ের কোনো উৎস না থাকায় দুই বেলা অন্নসংস্থান করাও কঠিন হয়ে পড়েছে। তার ওপর রেখাদেবীর চিকিৎসার জন্য প্রতি মাসে ১০ হাজার টাকা প্রয়োজন, যার যোগান দিতে হিমশিম খাচ্ছেন তাঁরা।
কান্নাজড়িত কণ্ঠে রেখাদেবী জানান, “ঘরে চালটুকুও নেই, আত্মীয়দের দয়ায় বেঁচে আছি। বড় ছেলেই আমার চিকিৎসার খরচ জোগাত। এখন কী হবে জানি না।”
পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে ক্ষতিপূরণের আবেদন জানানো হয়েছে। রেখাদেবীর কথায়, “সরকার ক্ষতিপূরণ দিলে চিকিৎসা বাবদ জমে থাকা ঋণ শোধ করতে পারতাম।” এছাড়াও, ছোট ছেলের জন্য সরকারের কাছে একটি চাকরির আবেদনও রেখেছেন প্রহ্লাদের পরিবার। ঘটনার পর থেকে গোটা এলাকায় শোক ও অনিশ্চয়তার ছায়া নেমে এসেছে।