বিরিয়ানি লাভারদের জন্য দুঃসংবাদ! ব্লিঙ্কিট-জেপ্টোর বিরুদ্ধে এফডিএ-র কড়া পদক্ষেপ

বিরিয়ানি লাভারদের জন্য দুঃসংবাদ! ব্লিঙ্কিট-জেপ্টোর বিরুদ্ধে এফডিএ-র কড়া পদক্ষেপ

 

স্বাস্থ্যবিধি ও খাদ্য সুরক্ষায় চরম অবহেলা: মুম্বইসহ মহারাষ্ট্রে নামী ফুড চেইন ও কুইক-কমার্স অ্যাপের লাইসেন্স স্থগিত

মুম্বই: উৎসবের মরশুমকে সামনে রেখে খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) রাজ্যজুড়ে গত ৪ ও ৫ নভেম্বর একটি মেগা তল্লাশি অভিযান চালিয়েছে। অভিযানে চরম অস্বাস্থ্যকর পরিবেশ ও খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘনের দায়ে একাধিক নামী প্রতিষ্ঠান ও অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্মের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা গেছে, কেবল মুম্বইতেই ২৮টি প্রতিষ্ঠানের লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই তালিকায় রয়েছে তরুণ প্রজন্মের জনপ্রিয় কুইক-কমার্স অ্যাপ ‘ব্লিঙ্কিট’ (Blinkit) ও ‘জেপ্টো’ (Zepto)। এছাড়া নামী ফুড চেইন ‘বিরিয়ানি বাই কিলো’, ‘টসিন পিৎজা’ (ওরলি শাখা) এবং ‘জুম্বো বার্গার’-এর বিরুদ্ধেও আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পাশাপাশি, স্বাস্থ্যবিধি ও খাদ্য সুরক্ষার নিয়ম চরমভাবে লঙ্ঘনের অভিযোগে মোট ৭টি প্রতিষ্ঠানকে পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। এর মধ্যে মুম্বইয়ের বোরিভলিতে অবস্থিত বহুল পরিচিত ‘রাজধানী বিরিয়ানি সেন্টার’ অন্যতম, যেখানে নোংরা পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির প্রমাণ মিলেছে। এছাড়া পুনে, অমরাবতী ও কোঙ্কন অঞ্চলের আরও ৬টি খাবার দোকান একইভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। নাগপুরের একটি ‘ডি-মার্ট’ শোরুমে বেআইনিভাবে সয়াবিন তেল মজুত রাখার দায়ে তা বাজেয়াপ্ত করা হয়েছে।

অভিযানে প্রাপ্ত ভয়াবহ চিত্র:
এফডিএ-র পরিদর্শনে রান্নাঘরে চরম অস্বাস্থ্যকর পরিবেশ, কীটপতঙ্গ ও ইঁদুরের উপদ্রব, এবং খাবার সংরক্ষণে ভুল তাপমাত্রার ব্যবহারের মতো গুরুতর অনিয়ম উঠে এসেছে। অনেক প্রতিষ্ঠানের কাছেই বৈধ ফুড সেফটি লাইসেন্স বা ফিটনেস শংসাপত্র ছিল না।

বাজেয়াপ্ত পণ্যের পরিমাণ ও আইনি ব্যবস্থা:
দুই দিনের এই অভিযানে প্রায় ৩৯.৫ টন ভেজাল ও অনিরাপদ খাবার বাজেয়াপ্ত করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১.৩৫ কোটি টাকা। এর মধ্যে রয়েছে বিষাক্ত মাওয়া, খোয়া, মানহীন পনির, ঘি ও মিষ্টি। পাশাপাশি, ৭.৯৬ লক্ষ টাকার নিষিদ্ধ গুটখা ও পানমশলাও বাজেয়াপ্ত করেছে প্রশাসন।

ঘটনার প্রেক্ষিতে ৩টি এফআইআর দায়ের করা হয়েছে এবং ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। খাদ্য বহনের কাজে ব্যবহৃত দুটি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। এফডিএ কমিশনার তুকারাম মুন্ধে সাফ জানিয়ে দিয়েছেন, সাধারণ মানুষের স্বাস্থ্যের সঙ্গে আপস করা কোনো প্রতিষ্ঠানকেই ছাড় দেওয়া হবে না এবং ভবিষ্যতে এই অভিযান আরও কঠোর করা হবে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *