শাশুড়ি ইন্দিরা গান্ধীর কঠোর শাসনের অভিজ্ঞতার কথা জানালেন সোনিয়া গান্ধী

শাশুড়ি ইন্দিরা গান্ধীর কঠোর শাসনের অভিজ্ঞতার কথা জানালেন সোনিয়া গান্ধী

শাশুড়ি ইন্দিরার শাসন ও মেজাজের অজানা দিক তুলে ধরলেন সনিয়া গান্ধী নিজস্ব প্রতিবেদন: হার্পারকলিন্স ইন্ডিয়া প্রকাশিত সনিয়া গান্ধীর ৫৪৪ পাতার স্মৃতিকথায় নেহরু-গান্ধী পরিবারের অন্দরমহল ও শাশুড়ি ইন্দিরা গান্ধীর ব্যক্তিত্বের বেশ কিছু অজানা দিক উঠে এসেছে। যুদ্ধোত্তর ইতালিতে নিজের শৈশব থেকে শুরু করে রাজনীতিতে পা রাখা পর্যন্ত বিভিন্ন অভিজ্ঞতার পাশাপাশি, সনিয়া তাঁর শাশুড়ির কঠোর শাসন ও রাগ সামলানোর কৌশলের বর্ণনা দিয়েছেন। বইতে সনিয়া উল্লেখ করেছেন, ইন্দিরা গান্ধীর রাগের বহিঃপ্রকাশ ছিল বেশ ভয়ংকর। ভুলভ্রান্তির জন্য বাড়ির কর্মী এমনকি প্রবীণ কংগ্রেস নেতাদেরও তিনি কঠোর শাস্তি দিতেন। এক ঘটনার কথা স্মরণ করে সনিয়া লিখেছেন, অ্যাপয়েন্টমেন্টের কথা ভুলে যাওয়ায় এক কর্মীকে ঘরের কোণে দাঁড় করিয়ে রেখেছিলেন ইন্দিরা। একইভাবে এক প্রবীণ নেতাকেও দেওয়ালের দিকে মুখ করে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়াতে দেখেছিলেন তিনি। শাশুড়ির এমন আচরণে সনিয়া প্রথম দিকে অত্যন্ত অস্বস্তিতে ভুগতেন। তিনি লিখেছেন, “আমার বাবারও রাগের এমন বহিঃপ্রকাশ ছিল, তাই ইন্দিরার আচরণ আমাকে ভয় পাইয়ে দিত। তবে রাজীব ও সঞ্জয় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চুপচাপ অপেক্ষা করতেন এবং রাজীব আমাকে অভয় দিতেন।” সনিয়ার মতে, ইন্দিরা গান্ধী সাধারণত বিশ্বাসভঙ্গকারীদের ক্ষমা করতেন না, তবে ছোটখাটো ঘটনার ক্ষেত্রে পরে তিনি নিজেই অনুতপ্ত হতেন। ডাইনিং টেবিলে খাবার সময় রাগ প্রকাশ করতে ইন্দিরা নিজের থালা অন্য প্রান্তে সরিয়ে নিয়ে যেতেন এবং দিনের পর দিন কথা বলা বন্ধ রাখতেন। তবে এই কঠোর ব্যক্তিত্বের আড়ালে ইন্দিরার অন্য একটি দিকও ছিল। মন ভালো করতে তিনি পুরনো ছবি সাজানো কিংবা শাড়ি গুছিয়ে রাখার মতো ঘরোয়া কাজে নিজেকে ব্যস্ত রাখতেন। কাশ্মীরি শাল ও মায়ের শাড়ির প্রতি তাঁর বিশেষ দুর্বলতা ছিল। সনিয়ার পর্যবেক্ষণ অনুযায়ী, পরবর্তী সময়ে নাতি-নাতনিদের সাহচর্যে ইন্দিরার এই কঠোর মেজাজ অনেকটাই নরম হয়ে এসেছিল। নাতি-নাতনিদের হাসি বা নিষ্পাপ প্রশ্নে রাজনৈতিক জীবনের কঠোরতার আড়ালে থাকা এক অন্য ইন্দিরাকে খুঁজে পাওয়া যেত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *