বিধায়কের ৬ মোবাইল আর আইবি ভলান্টিয়ারের গ্রেপ্তার, ফাঁস হলো গোপন আঁতাতের খবর?

তদন্তের গোপন তথ্য পাচারের অভিযোগে আটক সিভিক ভলান্টিয়ার, জেরার মুখে বিধায়ক পরেশরাম দাস
নিজস্ব প্রতিবেদন: ধর্ষণ, তোলাবাজি ও প্রতারণাসহ একাধিক গুরুতর অভিযোগে অভিযুক্ত ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে গ্রেপ্তারের পর এবার তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। পুলিশের গোপন খবর পাচারের অভিযোগে বিধায়কের ঘনিষ্ঠ এক সিভিক ভলান্টিয়ারকে আটক করেছে বারুইপুর জেলা পুলিশ।
গত সোমবার মুম্বই পালানোর পথে কলকাতা বিমানবন্দর থেকে পরেশরাম দাসকে গ্রেপ্তার করে বারুইপুর জেলা পুলিশের একটি বিশেষ দল। গ্রেপ্তারের সময় তল্লাশি চালিয়ে বিধায়কের কাছ থেকে নগদ ২ লক্ষ টাকা এবং ছয়টি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া ফোনগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বিধায়কের সঙ্গে কেন এতগুলো ফোন এবং বিপুল পরিমাণ নগদ টাকা ছিল, তা নিয়ে চলছে জোরদার জিজ্ঞাসাবাদ।
তদন্তকারীদের বড় প্রশ্নের মুখে, গত ১৭ দিন ধরে পুলিশি নজরদারি এড়িয়ে বিধায়ক কীভাবে আত্মগোপনে ছিলেন। এই রহস্যের সমাধান খুঁজতে গিয়েই পুলিশের জালে ধরা পড়েন এক সিভিক ভলান্টিয়ার। জানা গেছে, ওই ব্যক্তি ইন্টেলিজেন্স ব্রাঞ্চে (IB) কর্মরত ছিলেন এবং ক্যানিংয়েই পোস্টিং ছিল তাঁর। পুলিশের প্রাথমিক ধারণা, পুলিশের গতিবিধি, তল্লাশি অভিযান ও তদন্তের যাবতীয় গোপন তথ্য ওই সিভিক ভলান্টিয়ারের মাধ্যমেই বিধায়কের কাছে পৌঁছাত।
বর্তমানে ওই সিভিক ভলান্টিয়ারকে দফায় দফায় জেরা করে বিধায়কের সঙ্গে তাঁর যোগাযোগের আসল উদ্দেশ্য এবং এই অপরাধমূলক চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। বিধায়ককে গ্রেপ্তারের পর এই মামলার তদন্তের পরিধি আরও বাড়ানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।