সোশ্যাল মিডিয়ায় অন্য মেয়েদের ছবিতে লাইক, লিভ-ইন সঙ্গীকে খুনের অভিযোগে গ্রেপ্তার প্রেমিকা

সোশ্যাল মিডিয়ায় অন্য মেয়েদের ছবিতে লাইক, লিভ-ইন সঙ্গীকে খুনের অভিযোগে গ্রেপ্তার প্রেমিকা

সোশ্যাল মিডিয়ায় অন্য তরুণীদের ফলো করা কিংবা তাঁদের ছবিতে লাইক দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিনের অশান্তির জেরে খুন হলেন সার্থক সরকার। বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌমজিত বড়ুয়া জানিয়েছেন, সার্থকের প্রেমিকা সঞ্চালিকা বসু অত্যন্ত পজ়েসিভ স্বভাবের ছিলেন। এই বিষয় নিয়ে দুজনের মধ্যে প্রায়ই তুমুল বচসা হতো। ঘটনার দিন ফরতাবাদের ভাড়া ফ্ল্যাট থেকে অচৈতন্য অবস্থায় সার্থককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা কাঁচি উদ্ধার করেছে পুলিশ।

এই ঘটনায় সঞ্চালিকা বসুকে গ্রেপ্তার করা হলেও তিনি সরাসরি অপরাধের কথা স্বীকার করেননি। তদন্তে নেমে পুলিশ সঞ্চালিকার মা মৌমিতা বসুর ভূমিকাও সন্দেহজনক বলে মনে করছে। মৌমিতাকেও জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, মৌমিতা পুরো ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন এবং তদন্তকে ভুল পথে চালিত করার পরিকল্পনা করেছিলেন। ধৃতদের লাগাতার জেরা করে হত্যাকাণ্ডের গভীরে পৌঁছানোর চেষ্টা করছেন তদন্তকারীরা।

তদন্তে উঠে এসেছে, সঞ্চালিকা আদতে মৌমিতা বসুর নিজের মেয়ে নন, তাঁকে দত্তক নেওয়া হয়েছিল। এই সংক্রান্ত আইনি নথিগুলো পুলিশ যাচাই করে দেখছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সঞ্চালিকার দাদু ও দিদাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনার সময় সার্থক ও সঞ্চালিকা নেশাগ্রস্ত ছিলেন কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *