দাদুর সম্পত্তিতে নাতির জন্মগত অধিকার নেই, স্পষ্ট করল সুপ্রিম কোর্ট

দাদুর কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিতে নাতির কোনো জন্মগত অধিকার নেই বলে রায় দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি অগাস্টিন জর্জ মসিহ এবং বিচারপতি সুনীতা আগরওয়ালের বেঞ্চ এই গুরুত্বপূর্ণ রায়টি প্রদান করেছে। ১৯৯৭ সালে শুরু হওয়া একটি পুরনো আইনি বিবাদের প্রেক্ষিতে শীর্ষ আদালত এই পর্যবেক্ষণ জানিয়েছে। মামলার আবেদনকারী নাবালক তার মায়ের মাধ্যমে দাদুর সম্পত্তির একাংশের অধিকার দাবি করে আদালতে মামলা দায়ের করেছিল।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, হিন্দু উত্তরাধিকার আইন, ১৯৫৬-র ৮ নম্বর ধারা অনুযায়ী, একজন ব্যক্তি তাঁর বাবার কাছ থেকে যে সম্পত্তি উত্তরাধিকার সূত্রে পান, তা তাঁর ব্যক্তিগত সম্পত্তি হিসেবে গণ্য হয়। মূল মালিকের মৃত্যুর পর সম্পত্তি বণ্টন হয়ে গেলে প্রাপ্ত উত্তরাধিকারী সেই সম্পত্তির একচ্ছত্র মালিক হন। ফলে সেই সম্পত্তিতে তাঁর সন্তানের কোনো জন্মগত অধিকার থাকে না। হাইকোর্টের পূর্ববর্তী রায়কেই এই মামলায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।
আইনের ব্যাখ্যায় আদালত জানিয়েছে, হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী প্রথম শ্রেণির উত্তরাধিকারীদের তালিকায় পুত্র বা মৃত পুত্রের সন্তান থাকলেও, জীবিত পুত্রের সন্তান বা নাতি এই তালিকায় অন্তর্ভুক্ত নয়। তাই বাবার জীবিত অবস্থায় দাদুর কাছ থেকে পাওয়া সম্পত্তিতে নাতি নিজের অধিকার দাবি করতে পারে না। সুপ্রিম কোর্টের এই সুস্পষ্ট ব্যাখ্যার ফলে পারিবারিক সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের আইনি জটিলতা নিরসনে নতুন দিশা মিলবে বলে মনে করছেন আইনজ্ঞরা।