প্রথম সন্তানকে হারিয়েছিলেন রাজীব-সনিয়া, স্মৃতিচারণায় উঠে এল সেই মর্মান্তিক অভিজ্ঞতার কথা

সনিয়া গাঁধীর লেখা স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’-এ উঠে এসেছে তাঁর ব্যক্তিগত জীবনের এক কঠিন অধ্যায়। সনিয়া জানিয়েছেন, ১৯৬৯ সালের ১৮ জানুয়ারি তিনি প্রথম পুত্রসন্তানের জন্ম দেন। নির্ধারিত সময়ের দু’মাস আগেই প্রসব বেদনা শুরু হওয়ায় শিশুটি প্রিম্যাচিওর ছিল। জন্মের পর শিশুটিকে ইনকিউবেটরে রাখা হয় এবং রাজীব ও সনিয়া দুজনেই তাকে দেখে মুগ্ধ হয়েছিলেন। কিন্তু জন্মের কয়েক ঘণ্টা পরেই চিকিৎসকদের আশঙ্কা সত্যি করে শিশুটি মারা যায়।
প্রথম সন্তানকে হারানোর সেই শোক সামলানো ছিল অত্যন্ত কঠিন। সনিয়া জানিয়েছেন, সেই সময় ইন্দিরা গাঁধী দ্রুত হাসপাতালে পৌঁছে তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন। নবজাতকের দেহ নদীতে ভাসিয়ে দেওয়ার প্রথা থাকলেও সনিয়া তাতে তীব্র আপত্তি জানান। শেষ পর্যন্ত দক্ষিণ দিল্লির মেহরৌলিতে ফিরোজ গাঁধীর খামারবাড়িতে রাজীব ও সঞ্জয় গাঁধী মিলে বোগেনভেলিয়া গাছের পাশে শিশুটিকে সমাধিস্থ করেন। সনিয়া দীর্ঘ সময় ধরে সেই সমাধিতে নিয়মিত ফুল দিয়ে আসতেন।
স্মৃতিচারণায় সনিয়া আরও উল্লেখ করেছেন যে, সেই সময় একটি দক্ষিণপন্থী পত্রিকা তাঁর সন্তানকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে, যা তাঁকে মানসিকভাবে আরও ভেঙে দিয়েছিল। শোক ও অপরাধবোধের সেই কঠিন সময় কাটিয়ে উঠতে তাঁর অনেকটা সময় লেগেছিল। তবে সেই বছরের শেষ দিকেই তিনি পুনরায় অন্তঃসত্ত্বা হন এবং ১৯৭০ সালের ১৯ জুন রাহুল গাঁধীর জন্ম হয়। প্রথম সন্তানের অকালমৃত্যুর স্মৃতি আজও গাঁধী পরিবারের সেই কঠিন সময়ের সাক্ষী হয়ে রয়েছে।