মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য, সাসপেন্ড কলকাতা পুলিশের ইনস্পেক্টর

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাসপেন্ড করা হলো কলকাতা পুলিশের এক ইনস্পেক্টরকে। অভিযুক্ত পুলিশ আধিকারিকের নাম ইকলাখ আহমেদ। তিনি ১৯৯৯ সালের কলকাতা পুলিশ ব্যাচের সদস্য ছিলেন এবং এতদিন কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের আউটপোস্টের ওসি হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার সূত্রপাত পুলিশ কর্মীদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে। জানা গেছে, কালীপুজোয় বাজি পোড়ানো নিয়ে আলোচনার সময় ওই গ্রুপে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে একটি বিতর্কিত মন্তব্য করেন ইকলাখ আহমেদ। যদিও তিনি দ্রুত সেই বার্তা মুছে ফেলেন, কিন্তু তার আগেই চ্যাটের স্ক্রিনশট লালবাজারের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে পৌঁছে যায়।
এই ঘটনার পরই তাঁকে মেডিকেল কলেজের আউটপোস্ট থেকে সরিয়ে ফার্স্ট ব্যাটালিয়নে বদলি করা হয়। এরপর লালবাজারে তলব করে তাঁকে শো-কজ করা হয়। অভিযুক্তের দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় কলকাতা পুলিশের শীর্ষ নেতৃত্ব তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। এই ঘটনায় পুলিশ মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।