মির্জাপুরে রেললাইন ধসে বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেল গোঁদিয়া-বরৌনি এক্সপ্রেস

উত্তরপ্রদেশের মির্জাপুরের আমঘাটের কাছে মির্জাপুর-ঝিংগুরা রেলখণ্ডে সোমবার সন্ধ্যায় বড়সড় বিপত্তি ঘটে। তৃতীয় রেললাইন নির্মাণের কাজ চলাকালীন আচমকাই মাটি ধসে পড়ে, যার ফলে ওএইচি বিদ্যুতের একটি খুঁটি বসে যায় এবং রেললাইন বিপজ্জনক হয়ে ওঠে। ঠিক সেই সময়েই ডাউন লাইন দিয়ে গোঁদিয়া-বরৌনি এক্সপ্রেসের আসার কথা ছিল। তবে চালক ও রেলকর্মীদের তৎপরতায় ট্রেনটিকে বিপদস্থলের আগেই থামিয়ে দেওয়া সম্ভব হয়, ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা।
এই ঘটনার পর নিরাপত্তার খাতিরে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। বিকল্প হিসেবে আপ লাইন দিয়ে সীমিত পরিসরে ট্রেন চালানো হচ্ছে। রেলের টেকনিক্যাল টিম ও উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু করেছেন। তবে এই বিপর্যয়ের জেরে দিল্লি-হাওড়া এবং উত্তর ভারতগামী দূরপাল্লার ট্রেন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। ঘণ্টার পর ঘণ্টা ট্রেন আটকে থাকায় যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন।
রেল কর্তৃপক্ষ বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ১২২৭৪, ১২৩৯৮, ১২৩৬৮, ১২৯৪৭, ২৬৫০৫, ১২১৬৭ এবং ২২৯৭১ নম্বর ট্রেনগুলিকে প্রয়াগরাজ ও বারাণসী হয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া সুবেদারগঞ্জ থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনগামী ৬৩২৩৮ নম্বর ট্রেনটি সম্পূর্ণ বাতিল করা হয়েছে। রেলের তরফে যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, ভ্রমণের আগে ট্রেনের লাইভ স্ট্যাটাস যাচাই করে নিতে এবং প্রয়োজনে ১৩৯ হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে।