কৃষকদের আয় বাড়াতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ওপর জোর কেন্দ্রীয় মন্ত্রীর

কৃষকদের আয় বাড়াতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের ওপর জোর কেন্দ্রীয় মন্ত্রীর

‘স্মার্ট কৃষক, উন্নত ভারত’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে কৃষির সার্বিক উন্নয়ন ও কৃষকদের আয় বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ পাসওয়ান। তিনি বলেন, ভারতের মতো কৃষিপ্রধান দেশে কৃষকরাই অর্থনীতির মেরুদণ্ড। তাঁদের কঠোর পরিশ্রমের ফলেই দেশ আজ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছে এবং বিশ্বের খাদ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

মন্ত্রী জানান, কেবল উৎপাদন বৃদ্ধিই যথেষ্ট নয়, কৃষিপণ্যের গুণমান ও বাজারমূল্য বাড়ানোর দিকেও নজর দিতে হবে। বিশেষ করে আলু, পেঁয়াজ ও টমেটোর মতো পচনশীল ফসলের ক্ষেত্রে সংরক্ষণের অভাব কৃষকদের বড় সমস্যার কারণ। পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে অনেক সময় কৃষকরা বাধ্য হয়ে জলের দরে ফসল বিক্রি করেন। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রসার ঘটলে ফসলের সংরক্ষণকাল বৃদ্ধি পাবে, যা কৃষকদের ন্যায্য দাম পেতে সহায়তা করবে।

চিরাগ পাসওয়ান আরও বলেন, ভারতকে বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্য সরবরাহকারী হিসেবে গড়ে তুলতে হলে পরিকাঠামো উন্নয়ন জরুরি। তিনি বেসরকারি শিল্প সংস্থাগুলিকে কৃষকদের খামার ও উৎপাদন কেন্দ্রের কাছাকাছি প্রসেসিং ইউনিট স্থাপনের আহ্বান জানান। স্থানীয় স্তরে প্রক্রিয়াকরণ কেন্দ্র গড়ে উঠলে পরিবহন খরচ কমবে এবং কৃষকরা তাঁদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাবেন। প্রধানমন্ত্রীর ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের আওতায় ভারতীয় খাবারের বৈচিত্র্য বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *