স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, কর্ণাটক হাইকোর্টে স্বস্তি পেলেন রাজনৈতিক নেতা

কর্ণাটকের হোসাপেটের এক রাজনৈতিক নেতার বিরুদ্ধে পণের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন তাঁর স্ত্রী। উদুপি আদালতে এই সংক্রান্ত একটি ফৌজদারি মামলাও দায়ের করা হয়েছিল। আইনি জটিলতা থেকে মুক্তি পেতে ওই নেতা কর্ণাটক হাইকোর্টের দ্বারস্থ হন। শুনানির সময় তিনি দাবি করেন, তাঁর স্ত্রী ২০০৪ সাল থেকে একের পর এক বিয়ে করে আসছেন এবং তিনি ওই মহিলার সপ্তম স্বামী।
আদালতে ওই নেতা আরও অভিযোগ করেন, বিয়ের পর অশান্তি সৃষ্টি করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মামলা মিটিয়ে নেওয়াই ওই মহিলার অভ্যাস। নিজের দাবির সপক্ষে তিনি বেশ কিছু নথিও জমা দেন। অন্যদিকে, ওই মহিলা স্বামীর সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি নয়বার নয়, মাত্র চারবার বিয়ে করেছেন এবং প্রতিটি ক্ষেত্রেই আইনি বিচ্ছেদ বা ইসলামিক রীতি মেনে পদক্ষেপ নিয়েছেন। স্বামীর জমা দেওয়া নথিগুলোকেও তিনি জাল বলে দাবি করেন।
উভয় পক্ষের সওয়াল-জবাব ও নথি খতিয়ে দেখার পর কর্ণাটক হাইকোর্ট জানিয়েছে, মহিলার অভিযোগের সপক্ষে কোনো অকাট্য প্রমাণ নেই। আদালত স্পষ্ট জানিয়েছে, কেবল চার্জশিট জমা পড়লেই অপরাধ প্রমাণিত হয় না। ফৌজদারি মামলা টিকিয়ে রাখার মতো প্রয়োজনীয় উপাদান না থাকায় হাইকোর্ট ওই নেতার আবেদন মঞ্জুর করে স্ত্রীর করা মামলাটি খারিজ করে দিয়েছে।