কুলগামে সিআরপিএফ চেকপোস্টে জঙ্গি হামলা, আহত তিন জওয়ান

জম্মু ও কাশ্মীরের কুলগামে সিআরপিএফ চেকপোস্টে অতর্কিতে হামলা চালাল জঙ্গিরা। বাইকে চেপে এসে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। দুপুর সোয়া ২টো নাগাদ এই ঘটনাটি ঘটে। হামলায় সিআরপিএফ-এর তিন জওয়ান আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আহত জওয়ানদের নাম হেড কনস্টেবল সোমবীর সিং এবং কনস্টেবল রাকেশ দাস ও সন্তোষ চন্দ্রু। জানা গিয়েছে, রাকেশ দাসের বাঁ পায়ে, সোমবীর সিংয়ের বাঁ হাতে এবং সন্তোষ চন্দ্রুর পেটে ও মেরুদণ্ডে আঘাত লেগেছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, আহতদের মধ্যে দু’জনের আঘাত সামান্য হলেও তৃতীয় জওয়ানের শারীরিক অবস্থা কিছুটা গুরুতর। তাঁদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে সিআরপিএফ সূত্রে জানানো হয়েছে।
হামলার খবর পাওয়ার পরেই গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। হামলাকারীদের খুঁজে বের করতে এলাকায় জোর তল্লাশি অভিযান শুরু হয়েছে। অতিরিক্ত ব্যারিকেড বসানোর পাশাপাশি সাঁজোয়া যান নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাড়তি বাহিনী। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার খাতিরে ঘরের ভিতরে থাকার অনুরোধ জানানো হয়েছে। হামলাকারীদের পরিচয় বা এই ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে এবং তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।