কৃষিতে অভাবনীয় রূপান্তর, ভারতকে বিশ্বের শস্যভাণ্ডার গড়ার লক্ষ্য কেন্দ্রীয় সরকারের

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, খাদ্যশস্য উৎপাদনে ভারত আজ সম্পূর্ণ স্বনির্ভর। একসময়ের আমদানিকারক দেশ ভারত বর্তমানে চাল ও গম রপ্তানির পাশাপাশি ফল ও সবজি উৎপাদনেও বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে। তবে ডাল ও তৈলবীজ উৎপাদনে ঘাটতি মেটানোই এখন সরকারের প্রধান লক্ষ্য। কৃষকদের অন্নদাতা ও জীবনদাতা হিসেবে অভিহিত করে মন্ত্রী জানান, ১৪০ কোটি দেশবাসীর খাদ্য ও পুষ্টির জোগান দেওয়ার পাশাপাশি কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়নই সরকারের মূল উদ্দেশ্য।
কৃষিপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার উৎপাদক ও ক্রেতার স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সচেষ্ট। কৃষিমন্ত্রী জানান, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে এবং কৃষকরা যাতে ফসলের ন্যায্য মূল্য পান, তা নিশ্চিত করতে সরকার নিরন্তর কাজ করছে। কৃষকদের আয় বৃদ্ধির বিষয়ে তিনি জানান, প্রাকৃতিক দুর্যোগ ও প্রযুক্তিগত পার্থক্যের কারণে আয়ের হারে ভিন্নতা থাকলেও, ফসল বিমা যোজনার মাধ্যমে ২.০৯ লক্ষ কোটি টাকা এবং পিএম-কিষান প্রকল্পের আওতায় ৪.৬৬ লক্ষ কোটি টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে।
আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় কৃষিতে বিপ্লব আনতে কেন্দ্রীয় সরকার ‘ডিজিটাল এগ্রিকালচার মিট’-এর মাধ্যমে ১১ কোটিরও বেশি কৃষককে ‘ফার্মার আইডি’ প্রদান করেছে। এই ডিজিটাল আইডির ফলে কৃষকদের সরকারি দপ্তরে কাগজের নথি নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না। এর মাধ্যমে ব্যাংক ঋণ, ফসল বিমার আবেদন, দুর্যোগের ক্ষতিপূরণসহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দ্রুত ও সরাসরি পাওয়া সম্ভব হবে। ভারতকে বিশ্বের শস্যভাণ্ডারে পরিণত করাই বর্তমান সরকারের লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।