কর্মীদের বসার অধিকারের দাবিতে সরব সোনু সুদ, হসপিটালিটি ইন্ডাস্ট্রির কাছে বিশেষ আবেদন

কর্মীদের বসার অধিকারের দাবিতে সরব সোনু সুদ, হসপিটালিটি ইন্ডাস্ট্রির কাছে বিশেষ আবেদন

বিমানবন্দর, হোটেল এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কর্মরত কর্মীদের কাজের পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেতা ও সমাজসেবী সোনু সুদ। তিনি দাবি জানিয়েছেন যে, এই শিল্পে কর্মরত কর্মীদের জন্য কাজের জায়গায় বসার উপযুক্ত ও বাধ্যতামূলক ব্যবস্থা থাকা প্রয়োজন। সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত তুলে ধরে অভিনেতা জানান, বিমানবন্দরের কাউন্টার, লাউঞ্জ কিংবা হোটেলের রিসেপশনে কর্মরত বহু মানুষকে প্রতিদিন একটানা ১০ থেকে ১২ ঘণ্টা দাঁড়িয়ে কাজ করতে হয়।

সোনু সুদের মতে, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করা কর্মীদের শারীরিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে। তাই বিমানবন্দর কর্তৃপক্ষ, লাউঞ্জ পরিচালনাকারী সংস্থা এবং হোটেল ম্যানেজমেন্টের কাছে তাঁর স্পষ্ট আবেদন, কর্মীদের জন্য কাজের জায়গায় উঁচু স্টুল বা বসার চেয়ার রাখা হোক। কাজের দায়িত্বে কোনো বিঘ্ন না ঘটিয়ে, ফাঁকা সময়ে যাতে কর্মীরা কিছুক্ষণ বসে বিশ্রাম নিতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা জরুরি বলে তিনি মনে করেন।

অভিনেতার সাফ কথা, কর্মীদের বিশ্রামের সুযোগ কোনো বাড়তি সুবিধা বা অনুকম্পা নয়, বরং এটি তাঁদের মৌলিক ও মানবিক অধিকারের অংশ। হসপিটালিটি ইন্ডাস্ট্রির মূল লক্ষ্য যদি অতিথিদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা হয়, তবে যাঁরা সেই সেবা প্রদান করছেন, তাঁদের শারীরিক সুস্থতার কথা ভাবাও কর্তৃপক্ষের নৈতিক দায়িত্ব। এর আগেও বিভিন্ন সামাজিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। এবার কর্মক্ষেত্রের অন্দরে কর্মীদের না বলা কষ্টের কথা তুলে ধরে তিনি ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *