কাশ্মীরের কুলগামে সিআরপিএফ জওয়ানদের ওপর জঙ্গি হামলা, আহত তিন

জম্মু ও কাশ্মীরের কুলগামে সিআরপিএফের একটি নাকা চেকিং চৌকিতে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর সওয়া ২টো নাগাদ মীরবাজারের নিকটবর্তী আখরান এলাকায় এই হামলা চালানো হয়। বাইকে চেপে আসা জঙ্গিরা আচমকাই জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। সিআরপিএফের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় তিন জন জওয়ান আহত হয়েছেন।
আহত জওয়ানদের দ্রুত উদ্ধার করে অনন্তনাগের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। জওয়ানরাও পাল্টা গুলি চালালে জঙ্গিরা বাইক নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হামলার সময় জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বৈশাও উৎসবে যোগ দিতে কুলগামেই উপস্থিত ছিলেন। সেই কারণে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল এবং গুরুত্বপূর্ণ স্থানগুলিতে নাকা তল্লাশি চলছিল।
ঘটনার পর থেকেই গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। হামলাকারীদের খোঁজে এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। উল্লেখ্য, গত জুলাই মাসেও কুলগাম ও অনন্তনাগ এলাকায় একাধিক জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল, যেখানে পুলিশকর্মী ও পরিযায়ী শ্রমিকরা প্রাণ হারিয়েছিলেন। ফের একবার কুলগামে আধাসেনা জওয়ানদের ওপর হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।