পুরুলিয়ায় সরকারি অনুষ্ঠানে ধামসার তালে নাচ ও গানে মাতালেন বিধায়ক লবসেন বাস্কে

পুরুলিয়ায় সরকারি অনুষ্ঠানে ধামসার তালে নাচ ও গানে মাতালেন বিধায়ক লবসেন বাস্কে

পুরুলিয়ার বান্দোয়ানের বিজেপি বিধায়ক লবসেন বাস্কেকে সম্প্রতি এক ভিন্ন রূপে দেখা গেল। উপজাতি উন্নয়ন বিভাগের আয়োজনে মানবাজার ২ ব্লকের মুরগাডি ফুটবল মাঠে ৩২তম জেলা স্তরের আদিবাসী একাঙ্ক নাটক প্রতিযোগিতায় তিনি নিজের সংস্কৃতির ঢঙে গান গেয়ে ও নেচে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। বিধায়কের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ স্থানীয় মানুষের নজর কেড়েছে।

বুধবার বান্দোয়ান পঞ্চায়েত সমিতির উদ্যোগে আয়োজিত জনজাতি গৌরব দিবসের অনুষ্ঠানেও তাঁকে একই মেজাজে দেখা যায়। সেখানে ধামসা ও মাদলের তালে ছৌ শিল্পীদের সঙ্গে তাল মিলিয়ে বাদ্যযন্ত্র বাজাতে ও নাচতে দেখা যায় বিধায়ককে। শিক্ষকতা পেশার পাশাপাশি কৃষিকাজের সঙ্গে যুক্ত লবসেন বাস্কে নিজের সংস্কৃতির প্রতি গভীর অনুরাগী হিসেবে পরিচিত।

বর্তমানে জঙ্গলমহল জুড়ে বাঁদনা-সহরায় পরব চলছে। কালীপুজোর রাত থেকে শুরু হওয়া এই উৎসব মকর সংক্রান্তি পর্যন্ত চলবে। এই উৎসবের অন্যতম অঙ্গ অহিরা গীত গেয়ে এবং কিঁদরি বাজিয়ে তিনি উৎসবের আমেজ বাড়িয়ে তুলেছেন। জনপ্রতিনিধি হয়েও সাধারণ মানুষের সঙ্গে এমন মিশে যাওয়ার বিষয়টি জঙ্গলমহলের রাজনৈতিক মহলে বেশ চর্চিত হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *